• বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন নাড়ুগোপাল! কাউন্সিলরদের বৈঠকের পরেই চমক
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে হঠাৎই পদত্যাগ করলেন নাড়ুগোপাল মুখোপাধ্য়ায়। বৃহস্পতিবার দুপুরে সকলকে চমকে দিয়ে কাউন্সিলরদের বৈঠকের পর নাড়ুগোপাল নিজের পদত্যাগ পত্র মহকুমা শাসক সমীরণ বারিককে জমা দেন। অন্যদিকে নাড়ুগোপালের  পদত্যাগের কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যানের ইন্দ্রজিৎ ধরও নিজের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগ পত্রের চিঠি তিনি লালবাগের মহকুমা শাসককে পাঠিয়ে দিয়েছেন ।

    জানা গিয়েছে, নাড়ুগোপাল মুখার্জি চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ায় এবার বহরমপুর পুরসভার প্রশাসক হিসেবে সমীরণ বারিক বসতে চলেছেন। ২৮ আসন বিশিষ্ট বহরমপুর পুরসভায় গত নির্বাচনে নাড়ুগোপাল ৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন। বর্তমানে বহরমপুর পুরসভায় তৃণমূলের ২৩ জন কাউন্সিলর  এবং কংগ্রেসের ৪ জন কাউন্সিলর রয়েছেন। কংগ্রেসের ১ কাউন্সিলরের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার সকালে জিয়াগঞ্জ থানার পুলিশের হাতে  তৃণমূল কংগ্রেস পরিচালিত জিয়াগঞ্জ- আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষের গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের অন্যতম ‘হাই প্রোফাইল’ বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপালের পদত্যাগে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি তথা জেলার রাজনৈতিক মহলে। চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পর নাড়ুগোপাল বলেন ,”পুরসভাতে কাজ করতে পারছিলাম না। তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি নিজের পদত্যাগ পত্র মহকুমা শাসকের কাছে জমা দিয়েছি। ” কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস পরিচালিত বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরাও পদত্যাগ করেছেন।

    ইন্দ্রজিতবাবু বলেন,” শারীরিক কারণে আমি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। মহকুমা শাসক, প্রশাসক হিসেবে পুরসভার দায়িত্বভার গ্রহণ করবেন। তবে আগামী দিন আমি একজন সাধারণ কাউন্সিলর হিসেবে নাগরিকদেরকে পুর পরিষেবা দেওয়ার চেষ্টা করব।”
  • Link to this news (News18 বাংলা)