• বিষ্ণুপুর পৌরসভায় গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধিকরণ', নাচতে-নাচতে মিছিল করল বিজেপি! কেন জানেন?
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। চেয়ারম্যান গৌতম গোস্বামী এবং ভাইস চেয়ারম্যান মহাবীর আগরওয়ালের পদত্যাগের খবর সামনে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সেই আবহেই বৃহস্পতিবার বিষ্ণুপুর পৌরসভাকে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’-এর কর্মসূচি পালন করল বিজেপি।

    জানা গিয়েছে, বুধবার ভাইস চেয়ারম্যান মহাবীর আগরওয়াল তাঁর পদত্যাগপত্র চেয়ারম্যানের কাছে জমা দেন। অন্যদিকে, চেয়ারম্যান গৌতম গোস্বামী তাঁর পদত্যাগপত্র পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে জমা দিয়েছেন। এই পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়।

    বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুরের ১৭ নম্বর ওয়ার্ডের কালিন্দীর পার রামমন্দির সংলগ্ন এলাকা থেকে বিজেপির উদ্যোগে একটি মিছিল বের হয়। মাটির ঘটের মধ্যে গঙ্গাজল নিয়ে মাথায় বহন করেন কর্মী-সমর্থকরা। হাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। বাদ্যযন্ত্রের তালে নাচতে নাচতে প্রায় দু’কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলটি বিষ্ণুপুর পৌরসভা ভবনে পৌঁছয়।

    পৌরসভায় পৌঁছে আম্রপল্লবের সাহায্যে গঙ্গাজল ছিটিয়ে সমগ্র পৌরসভা ভবনের ‘শুদ্ধিকরণ’ করা হয় বলে বিজেপির দাবি। শুধু তাই নয়, চেয়ারম্যানের চেয়ারেও গঙ্গাজল ছিটিয়ে প্রতীকী শুদ্ধিকরণের কর্মসূচি পালন করা হয়। পরে কাউন্সিলরদের অফিসে নরেন্দ্র মোদির ছবি টাঙিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

    ” width=”1600″ height=”715″ class=”alignnone size-full wp-image-2764328″ />

    বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পৌরসভার বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পৌরসভার কাজকর্মে স্বজনপোষণের অভিযোগও তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। বিজেপির দাবি, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। তাই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের মাধ্যমে বিষ্ণুপুর পৌরসভা ‘মুক্তি’ পেয়েছে বলেই মনে করছেন তাঁরা। সেই কারণেই ‘পাপ বিদায়’-এর প্রতীক হিসেবে গঙ্গাজল ছিটিয়ে পৌরসভার শুদ্ধিকরণ করা হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

    দেবব্রত মণ্ডল
  • Link to this news (News18 বাংলা)