• যোগ দিবসের জন্য কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
    দৈনিক স্টেটসম্যান | ১৯ জুন ২০২৬
  • ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে রাজ্য সরকার। সেই উপলক্ষে রাজ্যজুড়ে তিন দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি একথা জানান। ১৯ থেকে ২১ জুন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিবস পালন করা হবে।

    মুখ্যমন্ত্রী বলেন, ১৯ জুন ‘রান ফর যোগা’ কর্মসূচির মধ্যে দিয়ে সূচনা করা হবে। কলকাতার ১১টি জায়গা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কলকাতার মূল অনুষ্ঠান হবে কলকাতা পুরসভার সদর দপ্তরের সামনে থেকে এবং শেষ হবে রাইটার্স বিল্ডিংয়ে।

    যাঁরা অংশগ্রহণ করবেন তাঁদের সকাল সাড়ে ৬টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। সকাল ৭টা থেকে দৌড় শুরু হবে। ইতিমধ্যেই বহু মানুষ নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

    ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গাবক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘বন্দে যোগম’ নামে এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির সাহায্যে এক অভিনব পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

    ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী জানান, সকাল ৬টা ১৫ মিনিটে সবাইকে সমবেত হতে হবে। সকাল ৬টা ৪৫ মিনিটে মূল কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    এদিন মুখ্যমন্ত্রী শহরবাসীর উদ্দেশে বিশে, বার্তাও দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে স্বচ্ছ ও পরিবেশবান্ধব কলকাতার ছবি তুলে ধরতে সকলের সহযোগিতা করা প্রয়োজন। সেই কারণে নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের মুখ্যমন্ত্রী আবেদন জানান।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)