বিধানসভার বিতর্কিত সই-কাণ্ডের তদন্তে এবার তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্য সিআইডি। সূত্রের খবর, বৃহস্পতিবার এক সিআইডি আধিকারিক ফোন করে তদন্তের স্বার্থে তাঁর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। এই ঘটনাকে ঘিরেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কল্যাণ। তাঁর প্রশ্ন, আদালতে কোনও এক পক্ষের আইনজীবী হিসেবে সওয়াল করার কারণে তাঁকে কীভাবে তদন্তের মুখোমুখি হতে বলা হয়?
ঘটনার প্রতিবাদে তিনি কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। চিঠিতে কল্যাণ উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় তিনি মামলাকারীর আইনজীবী হিসেবে সওয়াল করছেন। সেই মামলায় বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত নথিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল হওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন এবং পরে তদন্তভার যায় সিআইডির হাতে।
কল্যাণের দাবি, কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে অংশ নেওয়ার পরই তাঁর কাছে ফোন আসে। নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। বিষয়টি নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কোনও ফৌজদারি মামলায় আদালতে সওয়াল করা একজন আইনজীবীকেই যদি সেই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়, তাহলে বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়েই প্রশ্ন ওঠে।’
উল্লেখ্য, এই সই জালিয়াতি-কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূলের একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন, কারণ তাঁর স্বাক্ষর করা চিঠির ভিত্তিতেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।