আন্তর্জাতিক যোগ দিবসের আগে মাইথন ড্যামে মেগা শিবির, অংশ নিলেন ৫০০-রও বেশি পুলিশকর্মী
দৈনিক স্টেটসম্যান | ১৯ জুন ২০২৬
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে এখন সাজ সাজ রব। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় আসছেন। এবার আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে সামনে রেখে বৃহস্পতিবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সালানপুর থানার অন্তর্গত মনোরম মাইথন ড্যামের তীরে এক বিশাল যোগ শিবিরের আয়োজন করা হল। এই মেগা যোগ শিবিরে ৫০০-রও বেশি পুলিশকর্মী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড.প্রণব কুমার-সহ কমিশনারেটের একাধিক শীর্ষ ও পদস্থ পুলিশ আধিকারিক। সকলেই একসঙ্গে যোগাভ্যাসে অংশ নিয়ে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের বার্তা দেন।
এই উপলক্ষে পুলিশ কমিশনার ড.প্রণব কুমার জানান, আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে এ বছর কমিশনারেটের পক্ষ থেকে দুটি বড় যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। একটি মাইথন ড্যামে এবং অন্যটি দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য হল পুলিশকর্মীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক সুস্থতা বজায় রাখা, শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং কর্মক্ষেত্রের চাপ মোকাবিলায় সহায়তা করা।’
তিনি আরও বলেন, ‘পুলিশে কর্মরত সদস্যদের সবসময় শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগব্যায়াম সেই লক্ষ্য পূরণের একটি কার্যকর মাধ্যম।’ তাই সকল পুলিশকর্মীকে যোগচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান। বৃহস্পতিবার মাইথন ড্যামে আয়োজিত এই মেগা যোগ শিবিরের সমাপ্তি হয় নিয়মিত যোগচর্চা এবং সুস্থ জীবনধারা অনুসরণের অঙ্গীকারের মধ্য দিয়ে।
উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এ বছর রাজ্যস্তরের প্রধান অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন।