থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার! ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর
প্রতিদিন | ১৯ জুন ২০২৬
এবার বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ পুলিশ আধিকারিক মিতুনকুমার দে। জোড়া অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও মিতুনকুমার দে-র বিরুদ্ধে এফআইআর রুজু করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। এসডিপিও থাকাকালীন এক কাউন্সিলর এবং এক সাংবাদিককে ডায়মন্ড হারবার থানায় ডেকে তিনি নারকীয় অত্যাচার করেন বলেই অভিযোগ। ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, থানায় ডেকে বিদ্যুতের শক দিয়ে নগ্ন করে মারধর করা হয়।
ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, তৎকালীন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে-র বিরুদ্ধে ২০২৩ সালের ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ডাঃ তমাল কুমার হালদার ও এক সাংবাদিকের উপর নির্মম অত্যাচারের অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে বুধবার এফআইআর রুজু করে পুলিশ। জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর গত ১১ মে ওই কাউন্সিলর ডায়মন্ড হারবার থানায় মিতুন দে-র বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে গত ১৫ জুন তাঁর উপর ওই পুলিশ আধিকারিকের অত্যাচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বুধবার রাতে সেই এফআইআর রুজু করে তদন্ত শুরু করল পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলাকালীন ডায়মন্ড হারবারের তৎকালীন এসডিপিও মিতুনকুমার দে-কে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, তৎকালীন এসডিপিও মিতুনকুমার দে পরবর্তীকালে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদেও উন্নীত হয়েছিলেন। এরপর তৃণমূল সরকারের আমলে পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পান। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পুলিশ সুপার পদে নতুন কাউকে নিয়োগ করা হয়নি। তাই মিতুনকুমার দে-ই সেখানে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। এরপর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন তাঁকে বদলি করে দেয় খড়গপুর এসআরপি পদে।