• যোগ দিবসে ভোর চারটে থেকে চলবে মেট্রো, কতক্ষণ অন্তর পাবেন পরিষেবা?
    প্রতিদিন | ১৯ জুন ২০২৬
  • প্রতি বছরই কেন্দ্রের তরফে দেশজুড়ে উদযাপিত হয় যোগ দিবস (Yoga Day)। এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ায় রাজ্যেও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা উপলক্ষে যোগ দিবসে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ভোর চারটে থেকেই মিলবে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। একনজরে দেখে নিন ব্লু, গ্রিন, ইয়েলো লাইনে কখন পাওয়া যাবে মেট্রো।

    ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর)
    এই রুটে প্রতি রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা পাওয়া যায়। তবে তার পরিবর্তে আগামী রবিবার আপ ও ডাউনে ১০৭টি করে মোট ২১৪টি মেট্রো চলবে। ওইদিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটে পরিষেবা পাওয়া যাবে। ভোর চারটে থেকে সকাল ৮টা পর্যন্ত আপ লাইনে ১৪ মিনিট এবং ডাউনে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

    গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
    এই রুটে প্রতি রবিবার মোট ১০৮টি মেট্রো চলে। তবে আগামী রবিবার এই রুটে আপ এবং ডাউনে ৮৭টি করে মোট ১৭৩টি মেট্রো চলবে। সকাল ৯টার বদলে ভোট চারটেয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে পাওয়া যাবে মেট্রো। আবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো পাওয়া যাবে ভোর ৪টে ২ মিনিটে। ভোর ৪টে থেকে সকাল ৯টা পর্যন্ত আপে ১৫ মিনিট এবং ডাউনে ১০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।

    ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর)
    প্রতি রবিবার এই রুটে ৭৮টি করে মেট্রো চলে। তবে আগামী রবিবার ৫৬টি করে মোট ১১২টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে ভোর ৪টে ১৮ মিনিটে মেট্রো পাওয়া যাবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে ভোর ৪টে ৪০ মিনিটে মিলবে প্রথম মেট্রো। আপ এবং ডাউন লাইনে ভোর ৪টে ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত যথাক্রমে ১৮ এবং ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।
  • Link to this news (প্রতিদিন)