মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বৈদ্যবাটি স্টেশনের ঘটনা। স্থানীয় বাসিন্দা ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেন ধরতে গিয়ে রেললাইন পেরনোর সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মহিলার। মৃতের নাম নবনীতা সাউ (৪৮)। তাঁর বাড়ি হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত দিয়ারা গোবিন্দপুর এলাকায়।
সূত্রের খবর, বৈদ্যবাটি স্টেশনে ডাউন প্ল্যাটফর্মে উঠতে গিয়ে ডাউন ব্যান্ডেল লোকালের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। বৈদ্যবাটির চক এলাকায় ওই মহিলার মেয়ে-জামাই থাকেন। ওই এলাকার বাসিন্দা কুন্তুল ঘোষের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছে দুই বছর আগে। গত বছর জামাইষষ্ঠীতে মেয়ে-জামাইকে নিমন্ত্রণ করেছিলেন। এ বার তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা, তাই মেয়েকে দেখাশোনা করতে প্রায়ই আসতেন এই বাড়িতে। সূত্রের খবর, এ বার মেয়ের বাড়িতেই জামাইষষ্ঠী পালন করার পরিকল্পনা হয়েছিল। এ দিন বাড়ি ফেরার সময় ঘটে যায় দুর্ঘটনা।
শেওড়াফুলি জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।