গরমের সঙ্গেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জামাইষষ্ঠীর দিনেও উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে Mean Sea Level-এর Seasonal Trough। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ রয়েছে এবং তার সঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে ২১ জুন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন পর্যন্ত বিশেষ আবহাওয়া বুলেটিন দেওয়া হয়েছে। কী পূর্বাভাস রয়েছে সেখানে?
১৯ জুন, শুক্রবার
উত্তরবঙ্গের পূর্বাভাস:
অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কিছু জায়গায় অতি ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি)। উত্তর দিনাজপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি)। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস:
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সামান্য বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
২০ জুন, শনিবার
উত্তরবঙ্গের পূর্বাভাস:
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই জেলাগুলির কিছু জায়গায় অতি ভারী থেকে ভারী বৃষ্টি। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে
দক্ষিণবঙ্গের পূর্বাভাস:
প্রায় সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ।
২১ জুন, রবিবার
উত্তরবঙ্গের পূর্বাভাস:
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই জেলাগুলির দুই-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস:
হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।