বিহার: গৃহবধূকে গণধর্ষণ, গোপনাঙ্গ থেকে গুলি,পাথর-কাঠ উদ্ধার
বর্তমান | ১৯ জুন ২০২৬
পাটনা: গৃহবধূকে গণধর্ষণ। সঙ্গে নৃশংস অত্যাচার। বিহারের বেগুসরাইয়ের গত ১১ জুনের এই ঘটনায় নির্যাতিতার গোপনাঙ্গ থেকে উদ্ধার হয়েছে একটি করে বুলেট, পাথর ও কাঠের টুকরো। নির্যাতিতার অভিযোগ, গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে তিনি শৌচকর্ম সারতে বাড়ির বাইরে বার হন। সে সময় পাঁচজন বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে ঘরে তালাবন্ধ করে দেয়। এই ঘটনার বিষয়টি টের পাননি নির্যাতিতা। তিনি ফিরে আসতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে পাঁচ দুষ্কৃতী। বাড়ি থেকে টেনে হিঁচড়ে তাঁকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। সে সময় চিৎকার করতে গেলে মহিলার বুকে এবং উরুতে ব্লেড চালানো হয়।
মহিলা বলেন, ‘ঘটনার পর ছোট ননদকে ডাকি। সেই স্বামীকে দরজা খুলে দেয়। পুলিশের কাছে অভিযোগ জানাই। পুলিশের পক্ষ থেকে আমাদের হাসপাতালে যেতে বলা হয়। আমরা প্রথমে বারাউনি যাই। এরপর আমাদের সদর হাসপাতালে যেতে বলা হয়।’ সেখানে চিকিৎসার পরদিন ১২ জুন মহিলা বাড়ি চলে আসেন। তবে ব্যাথা কিছুতেই কমছিল না। অগত্যা মহিলা আবার সদর হাসপাতালে ভর্তি হন। এরপর অস্ত্রোপচার করে গোপনাঙ্গ থেকে বুলেট, পাথর এবং কাঠ বার করা হয়। ডিএসপি আনন্দ কুমার পান্ডে বলেন, বিজ্ঞানসম্মত তদন্ত চলছে। তাঁর কথায়, ‘মহিলার বয়ান সত্য বলেই মনে হচ্ছে।’ দুষ্কৃতীরা খুব শীঘ্র ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন। পুলিশের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। ডিএসপি বলেন, গাফিলতির প্রমাণ মিললে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।