সরকারি-বেসরকারি অফিসে যোগ শিবির উত্তরবঙ্গ আদর্শ অ্যাকাডেমি কাম হসপিটালের
বর্তমান | ১৯ জুন ২০২৬
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: যোগ-ব্যায়ামের মধ্য দিয়ে সুস্থ সমাজ গড়তে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ আদর্শ অ্যাকাডেমি কাম হসপিটাল। শিলিগুড়ি শহরের ৪৬ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগানে এই যোগ কেন্দ্র। ১৩ জুন থেকে বিভিন্ন প্রশাসনিক অফিসে আয়োজিত যোগ শিবিরে এরা সহযোগিতা করছে। ২১ জুন পর্যন্ত তা চলবে। উত্তরবঙ্গ আদর্শ অ্যাকাডেমি কাম হসপিটালের সভাপতি শিব হাজরা।
রান ফর যোগা, যোগা কার্নিভাল, যোগ শিবির, যোগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যোগার জন্য হাঁটা সহ বিভিন্ন শিবির জেলায় জেলায় চলছে। উত্তরবঙ্গ আদর্শ অ্যাকাডেমি কাম হসপিটাল ২০০৭ সাল থেকে সেবামূলক কাজ করে চলেছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এদের শাখা আছে। প্রশিক্ষক তথা সভাপতি শিব হাজরা বলেন, যোগ-ব্যায়ামের বিভিন্ন উপকারিতা নিয়ে আমাদের আলোচনা শিবির চলছে। যোগ-ব্যায়াম প্রত্যেকের জন্য প্রয়োজন। ব্যায়াম করলে জটিল থেকে জটিলতর রোগ নিরাময় সম্ভব। ন্যাচারোপ্যাথির মধ্য দিয়ে রোগী সুস্থ হয়। শিলিগুড়ি এসডিও অফিস, পুরসভা, সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজে যোগ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১৩ তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২১ জুন পর্যন্ত। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই শিবির। যোগার জন্য ২০০৭ ও ২০০৮ সালের এনকেওয়াইএস গভর্নমেন্ট অব ইন্ডিয়ার পক্ষ থেকে জেলার সেরা যুবক এবং রাজ্যের সেবা অ্যাওয়ার্ড পেয়েছি। প্রত্যেককেই বলব সুস্থ থাকতে এবং সুস্থ সমাজ গড়তে নিয়মিত যোগ-ব্যায়াম করুন।
শিব হাজরা উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলে যোগা প্রশিক্ষণ দেন। তিনি জানিয়েছেন, শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়, নেপাল ও ভুটানের বিভিন্ন স্কুলেও যোগ প্রশিক্ষণ দিয়ে থাকেন। বলেন, শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ২০২৫ সালে আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রথম রাজ্য যোগাসন প্রতিযোগিতা পরিচালনা করেছিলাম। কেন্দ্রীয় বাহিনী, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও নিয়মিত অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন এবং এফএমে যোগা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করি। • দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন সংস্থার সভাপতি শিব হাজরা।