বৃক্ষরোপণ ও পরিচর্যা করেও পারিশ্রমিক পাচ্ছেন না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
বর্তমান | ১৯ জুন ২০২৬
সংবাদদাতা, বালুরঘাট: বৃক্ষরোপণ এবং বৃক্ষের পরিচর্যা করেও পারিশ্রমিক পাচ্ছেন না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বালুরঘাট শহরে বৃক্ষরোপণ এবং বৃক্ষের পরিচর্যার জন্য স্বনির্ভর গোষ্ঠীর ১৩০ জন মহিলাকে কাজে লাগানো হয়েছিল। তাঁরা আট মাস ধরে কাজ করেছেন। প্রতি মাসে ৩০০০ টাকা করে পাওয়ার কথা। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও তাঁরা পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ। বৃহস্পতিবার এনিয়ে তাঁরা বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হন। চেয়ারম্যান আশ্বাস দিলেও কাজ নিয়ে তাঁরা আশঙ্কায় পড়েছেন। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, ওই প্রকল্পের প্রথমে টাকা এসেছিল। তা মিটিয়ে দেয়া হয়েছে। নতুন করে প্রকল্পের টাকা এলেই মিটিয়ে দেওয়া হবে।
পুরসভা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের অমৃত মিত্র এবং রাজ্য নগর জীবিকা মিশনের যৌথ উদ্যোগে ‘উইমেন ফর ট্রিস’ প্রকল্প চালু করা হয়েছে বালুরঘাট শহরে। ওই প্রকল্পে শহর জুড়ে কয়েক হাজার বৃক্ষরোপণ করার কথা ছিল। প্রথম দফায় মহিলারা তিন হাজারের বেশি গাছ রোপণ করেন। প্রকল্পের মধ্যেই বলা রয়েছে, যে মহিলারা বৃক্ষরোপণ করবেন তাঁরাই গাছের পরিচর্যা করবেন।
তাঁদের অভিযোগ, আটা মাস ধরে তাঁরা ওই প্রকল্পে টাকা পাচ্ছেন না। ওই প্রকল্পের অর্থ রাজ্য থেকে আসা বন্ধ হয়েছে। এখনও নতুন করে বরাদ্দ হয়নি।
মহিলারা বলেন, আমরা শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছিলাম। সেই বৃক্ষগুলির পরিচর্যা ও আমরাই করছি। আমাদের মাসিক ৩০০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। তাই আমরা পুরসভার চেয়ারম্যানের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি।