নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভয়াবহ ধসে দিনভর বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। চরম বিপাকে পর্যটকদের পাশাপাশি নিত্যযাত্রীরা। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকালে সিংতাম-রংপোর মাঝে ২০ মাইলে বিশাল ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় রাস্তা। আটকে পড়ে পর্যটকদের গাড়ি। দীর্ঘ যানজট তৈরি হয়। পরে কিছু গাড়িকে সিংতাম থেকে সেন্ট্রাল পেন্ডাম হয়ে ঘুরপথে রংপো পাঠানো হয়।
এদিকে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধস সরানোর কাজ। রাস্তা পরিষ্কার করতে বিকেল হয়ে যায়। স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির শিকার হন পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষ। আগামী তিন-চারদিন পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে নতুন করে ধসের আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে পর্যটকদের রাতের বেলা ধসপ্রবণ এলাকা দিয়ে গাড়িতে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন ট্যুর অপারেটররা। বু সিকিমের আবহাওয়া আধিকারিক দেবপ্ৰিয় রায় বলেন, আগামী চারদিন সিকিমের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ ও ২১ জুন। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ে বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে।