প্রধানমন্ত্রীর সভা, আজ বিকাল থেকেই কম চলাটল করবে বাস, আরামবাগ মহকুমায় দুর্ভোগের শঙ্কা
বর্তমান | ১৯ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তারকেশ্বরে প্রধানমন্ত্রীর সভার জন্য আরামবাগ মহকুমায় বাস নিয়ে ভোগান্তির আশঙ্কা রয়েছে। আগামী ২০ জুন শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারসঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক এই অনুষ্ঠানে যোগ দিতে আরামবাগ মহকুমার ছ’টি ব্লক থেকে হাজার হাজার মানুষ যাবে তারকেশ্বরে। সেই জন্য বিপুল সংখ্যক বাস নেওয়া হচ্ছে। তারসঙ্গে ট্রেনেও বহু মানুষ যাবে তারকেশ্বরে। তাই আজ, শুক্রবার বিকাল থেকেই রাস্তায় বাস কম চলবে বলে আশঙ্কা। এমনকি, শনিবার সকাল থেকে রাস্তায় বাস চলাচল করবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন। তারফলে মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা রয়েছে। তাই বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারকেশ্বরে যেতে চাইছে। এজন্য বাস সহ নানা ছোটো গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে যাত্রী ভোগান্তি কম করা যায়। সেই জন্য কিছু বাস রাস্তায় থাকবে। তারসঙ্গে ট্রেনও রয়েছে। যাত্রীরা তাতেও যাতায়াত করতে পারবেন।
হুগলি ইন্টার রিজিয়ন বাস মালিক সমিতির সম্পাদক গৌতম ধোলে বলেন, শনিবার প্রশাসনের তরফে আমাদের সংগঠনের বাসগুলি নেওয়া হয়েছে। তারসঙ্গে ভিন জেলা থেকেও বাস নেওয়া হচ্ছে। শুক্রবার বিকাল থেকেই কিছু বাস রুট থেকে উঠে যাবে। শনিবার অধিকাংশ বাস রাস্তায় থাকবে না।
আরামবাগের বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার সমিতির সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, প্রশাসনের নির্দেশে আমরা বাস দিচ্ছি। শুক্রবার বিকাল থেকে রিপোর্টিং করার নির্দেশ রয়েছে। তারফলে রাস্তায় বাস খুবই কম থাকবে। তবে যাত্রীদের কথা চিন্তা করে আমরা কিছু বাস রুটে চালানোর চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের আরামবাগের নেতা পলাশ রায় বলেন, বিগত দিনে আমরা বড়ো কর্মসূচি করলেও কিছু বাস রাস্তায় থাকত। যাত্রীদের ন্যূনতম পরিষেবার কথা ভেবে সরকারের উচিত রাস্তায় কিছু বাস রাখা। উল্লেখ্য, শনিবার জামাই ষষ্ঠী রয়েছে। ওইদিন বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠান হয়। ফলে রাস্তায় যাতায়াতও করে বহু মানুষ। তাই সেই দিন বাড়তি ভোগান্তির আশঙ্কা রয়েছে। বিগত দিনে তৃণমূল সরকারের আমলে শহিদ দিবস বা অন্যান্য কর্মসূচিতে রাস্তা থেকে বাস তুলে নেওয়ার ফলে যাত্রী ভোগান্তি চরমে উঠত। যাত্রীরা অটো, টোটো সহ ছোটো গাড়িতে যাতায়াত করতেন। তার জেরে বেশি ভাড়া গুনতে হত। এবারও সেই পরিস্থিতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।