• জামাইষষ্ঠীতে নতুন ট্রেন্ড, এ বার মিষ্টির দোকানেও ‘ডিম’
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • বিধানসভা নির্বাচনের আগে হয়েছ মাছ নিয়ে রাজনীতি। আর বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পরে চর্চায় ডিম। তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছুড়ছেন বিজেপির লোকজন। রেহাই মিলছে না আদালত চত্বরেও। সেই ডিম-ই এ বার মিষ্টির দোকানেও। তবে, এই ডিম কাউকে ছুড়ে মারার জন্য নয়। মুখে পুরে নেওয়ার জন্য।

    সামনেই জামাইষষ্ঠী। তার আগেই এই ‘ডিম’ তৈরি করেছে হুগলির রিষড়ার একটি পরিচিত এবং ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। ডিমের আকারে তৈরি করা হয়েছে এই সন্দেশ।

    রাজ্যে পালাবদলের পরেই ‘সেলিব্রেটি’ ডিম। দুর্নীতি, তোলাবাজি-সহ বিভীন্ন অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলার, প্রাক্তন বিধায়কদের।  তাঁদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। রেহাই পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-রাও। ডিমের হাত থেকে বাঁচতে অনেককে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসছে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলার অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার তাঁদের তোলা হয় আদালতে। তাদের নিয়ে যাওয়ার সময়ে ওঠে ‘চোর চোর’ স্লোগান। ‘ডিম থেরাপি’ বাঁচতে তাঁদের পরানো হয় হেলমেট।

    এ দিকে রাজ্য জুড়ে বাড়ছে ডিমের দামও। তবে, এরই মধ্যে বড় চমক রিষড়ার ফেলু মোদকের দোকানে। সেখানেই পাওয়া যাচ্ছে এক নতুন ‘ডিম’। তবে এ ডিম খেতে কিন্তু মিষ্টি। 

    সামনেই জামাইষষ্ঠী। তা ঘিরে প্রত্যেক বছরই কিছু চমক থাকে রিষড়ার এই মিষ্টির দোকানে। এই জেলাতেই তৈরি হয়েছিল জামাই ঠকানোর জন্য জলভরা সন্দেশ। সেই সঙ্গে আছে জামাইষষ্ঠীর নানা সন্দেশ। কিন্তু এ বার সব হট আইটেম ‘ডিম সন্দেশ’। দেখতে একেবারে ডিমের মতোই। ভিতরে আম আর ক্ষীর দিয়ে তৈরি রয়েছে হলুদ কুসুম। এক ঝলকে দেখার উপায় নেই এই ডিম আসল ডিম না নকল। খেতে অত্যন্ত সুস্বাদু এই ‘ডিম সন্দেশ’ বিক্রি হচ্ছে হটকেকের মতো। এ বার অন্য সব মিষ্টিকে ছাপিয়ে যাচ্ছে ‘ডিম সন্দেশ’।

    ক্রেতারাও জানাচ্ছেন এই কথা।

    তবে, কাকতালীয় ভাবে এখন চর্চায় ডিম থাকলেও ‘ডিম সন্দেশ’-র সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছেন ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে। তিনি জানান, সন্দেশ সাবেকি আমলের আবার খাবো টাইপের, এখন ডিমের আকার দেওয়া হয়েছে। তবে এই সন্দেশের চাহিদা যে ভালোই তাও জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)