• জয়েন্টে রাজ্যের মধ্যে সপ্তম স্থানে হাওড়ার সৃজন, লক্ষ্য আইআইটি
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করলেন হাওড়ার শিবপুর ট্রাম ডিপো এলাকার বাসিন্দা সৃজন সুর। সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র সৃজন খড়্গপুর আইআইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান। ছোটো থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন এই কৃতী ছাত্রের।

    সৃজনের বাবা সুদীপ সুর পেশায় ইঞ্জিনিয়ার। মা সর্বাণীদেবী গৃহবধূ। ফলপ্রকাশের পর সৃজন জানান, পরিবার ও শিক্ষকরা সহযোগিতা করেছেন এবং সঠিক দিক নির্দেশ করেছেন। সেটিই তার সাফল্যের অন্যতম ভিত্তি। নবম শ্রেণি থেকে পড়াশোনায় ধারাবাহিক কৃতিত্ব দেখাচ্ছেন সৃজন। সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছিলেন। উচ্চমাধ্যমিকে বিষয় ছিল পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি ও জীববিদ্যা। জয়েন্টের প্রস্তুতির জন্য স্কুলের পাশাপাশি কলকাতার বালিগঞ্জে যেতেন কোচিং নিতে। তাঁর বক্তব্য, ‘নির্দিষ্ট সময় ধরে নয়, সুযোগ পেলেই পড়াশোনা করতাম। সাফল্যের কোনো শর্টকাট নেই। শুধু সূত্র বা ফর্মুলা মুখস্থ করলে হবে না, প্রতিটি বিষয় পরিষ্কারভাবে আয়ত্ত করতে হবে। তবেই যে কোনো ধরনের প্রশ্নের উত্তর লেখা সম্ভব।’ পড়াশোনার বাইরে এই কৃতী ছাত্রের আগ্রহ রয়েছে ফর্মুলা ওয়ান রেস নিয়ে। ক্রিকেট বা ফুটবলের চেয়ে রেসের ট্র্যাকে গতির লড়াই দেখতে বেশি ভালোবাসেন। অবসর সময় টেলিভিশনের পর্দায় ফর্মুলা ওয়ানের প্রতিযোগিতা দেখেন। তার প্রিয় হলেন ফর্মুলা ওয়ানের কিংবদন্তি রেসার মাইকেল শুমাখার। তাঁর সাফল্য ও অধ্যবসায় অনুপ্রাণিত করে সৃজনকে। ছেলের সাফল্যে খুব খুশি পরিবার। ফলপ্রকাশের পর আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের শুভেচ্ছা আসছে মুহুর্মুহু। লোকজনে ভরে উঠেছে বাড়ি। সৃজনের মা জানান, ছেলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তাই ওর সাফল্য উদযাপন করতে বাড়িতে বিরিয়ানি রান্না হবে।
  • Link to this news (বর্তমান)