যোগ দিবসে রবিবার ভোর চারটেয় মেট্রো, শহরে ৩ দিনের কার্নিভাল
বর্তমান | ১৯ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার যোগ দিবসের পাশাপাশি রয়েছে নিট-ইউজির পরীক্ষা। তাই এদিন ভোর চারটে থেকে মেট্রো চলাচল করবে বলে ঘোষণা করেছে মেট্রো। তারা জানিয়েছে, ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভোর চারটে থেকে ট্রেন চলবে। প্রসঙ্গত অন্যান্য রবিবার সকাল ৯টায় টেন চলাচল চালু হয় এই রুটে। অন্যান্য রবিবার ১৫২টি মেট্রো পরিষেবা চলে। যোগা দিবসে ২১৪টি পরিষেবা চলবে। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ৯টার পরিবর্তে ভোর চারটে থেকে চলবে ট্রেন। স্বাভাবিক সময় ১০৮টি সার্ভিস দেওয়া হয়। তবে রবিবার ১৭৩টি সার্ভিস দেওয়া হবে। অন্যদিকে রবিবার নোয়াপাড়া থেকে ভোর ৪টে ১৮ মিনিটে ছাড়বে মেট্রো। জয় হিন্দ (বিমানবন্দর) থেকে ভোর ৪টে ৪০ মিনিট মেট্রো পরিষেবা শুরু হবে। এই রুটে অন্যান্য রবিবার ৭৮টি মেট্রো পরিষেবা দেওয়া হয়। রবিবার মিলবে ১১২টি সার্ভিস। এর পাশাপাশি আগামী কাল, শনিবার যোগা কার্নিভালের আয়োজন করা হয়েছে। শহরের ৪৫টি জায়গায় এলইডি স্ক্রিনে লাইভ যোগা শো চলবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। এছাড়া জানা গিয়েছে, রবিবার কলকাতায় এসেই যোগা করতে হবে পুরসভার কর্মচারিদের। এই নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে ক্ষোভ, অসন্তোষ। এদিন পুরসভার প্রশাসক জানান, তিনদিনের কর্মসূচি ‘দৌড় সে ধ্যান’ আয়োজন করা হয়েছে। আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ম্যারাথনের সূচনা করবেন।