• বাণিজ্যিক ক্ষেত্রে জলের মিটার, পরিকল্পনা রাজ্যের
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বাণিজ্যিক ক্ষেত্রে জলের মিটার বসানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। জলের অপচয় রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বাণিজ্যিক ও শিল্প সংস্থাগুলিতে জলের মিটার বসানোর বিষয়টি চিন্তাভাবনা করছি। তবে সাধারণ মানুষের বাড়িতে ওই মিটার বসবে না। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে রাজ্য সরকার দুটি ডলফিন পার্ক তৈরি করবে। জীববৈচিত্র বাঁচিয়ে রাখার পাশাপাশি ইকো ট্যুরিজমে গুরুত্ব দিতেই তৈরি হবে ওই পার্ক। তারই একটি কাঁথিতে তৈরি হবে বলে জানান অগ্নিমিত্রা পাল। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানান, গঙ্গার জল পরিশোধনের লক্ষ্যে যে পাঁচটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরির কথা ছিল, তা জমি না পাওয়ার কারণে বছরের পর বছর হয়নি। পূর্বতন সরকারের তরফে জমি না দেওয়ার অভিযোগ সামনে এনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই সমস্যার সমাধান করবেন বলে আমরা আশা করছি।  
  • Link to this news (বর্তমান)