• মেসিকাণ্ডে হাজিরা এড়ানোর ‘হ্যাটট্রিক’! অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার ১০টা বাজতে ৫ মিনিট বাকি। সাদা গাড়িতে নিরাপত্তা রক্ষী ছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ঢুকলেন বিধাননগর দক্ষিণ থানায়। কলকাতায় মেসি সফরে বিশৃঙ্খলা ইস্যুতে দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত তিনি। বিশ্ব ফুটবল মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক নিয়ে এখন মন্ত্রমুগ্ধ। ঠিক সে সময় পুলিশি তলব এড়ানোর হ্যাটট্রিক শেষ করে থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বৃহস্পতিবার আইনজীবী সঙ্গে নিয়ে তিনি থানায় এসে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হলেন।

    দক্ষিণ থানার উল্টোদিকে সল্টলেক স্টেডিয়াম। গতবছর ১৩ ডিসেম্বর সেখানে গোট-ট্যুর অনুষ্ঠিত হয়েছিল। দর্শকদের হৃদয় মাতাতে এসেছিলেন লিওনেল মেসি। তাঁর সঙ্গে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জয়ী দলের সতীর্থরা। তখন তৃণমূল জমানা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ। ফলে মাঠে ‘বিনা অনুমতিতে’ ঢুকে আর্জেন্তাইন মহাতারকার কোমর জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন। কলকাতায় মেসি সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত তারপর অভিযোগ করেন, ‘অরূপ বিশ্বাসের হ্যাংলামোই ভেস্তে দিয়েছে বাংলার মেসি ভক্তদের হৃদয়।’ অনুষ্ঠানে নিয়ম ভাঙার অভিযোগ তুলে বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন শতদ্রু। তারপর জিজ্ঞাসাবাদের জন্য অরূপকে তলব করে দক্ষিণ থানা। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরে নিউ আলিপুর থানার সঙ্গে প্রাক্তন মন্ত্রীর বাড়ি গিয়ে নোটিস সেঁটে দিয়ে আসে বিধাননগর পুলিশ। অভিযোগ, তাতেও পাত্তা পাওয়া যায়নি। এরপরই আদালতে আগাম জামিনের আবেদন জানান অরূপের আইনজীবী। তবে আদালতে ‘মেসির বাল্যবন্ধু নাকি?’ অরূপকে উদ্দেশ্য করে এই ভর্ৎসনা করেন বিচারক। তারপর আদালত রায় দেয়, এই কেসে অরূপকে হাজিরা দিতেই হবে।

    সে নির্দেশের পর বৃহস্পতিবার সকালে অরূপ আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় হাজিরা দেন। জানা গিয়েছে, তাঁকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ১২ দফা প্রশ্নতালিকা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর সামনে রাখা হয়েছিল। সব থেকে গুরুত্ব দেওয়া হয়, মেসির অনুষ্ঠানের প্রোটোকল ভাঙার বিষয়ে। তদন্তকারীরা জানতে চান, অরূপ বিশ্বাসের নাম ভিআইপিদের তালিকায় ছিল কী? মাঠে ঢোকার অনুমতি ছিল কী? তাঁর পরিবারের সদস্যরা কীভাবে মাঠে ঢোকার অনুমতি পেল? পুলিশ সূত্রে খবর, সন্তোষজনক উত্তর দিতে পারেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তবে দুপুর ১টা নাগাদ থানা থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। ২২ জুন ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    থানা থেকে বের হওয়ার পর সবাইকে অবাক করে গাড়ি নিয়ে শহরজুড়ে গুরতে শুরু করেন অরূপ। সংবাদমাধ্যমের প্রশ্ন এড়াতে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরায় তাঁর গাড়ি। শেষে সংবাদমাধ্যম তাঁর কাছে পৌঁছে যায়। এরপর আর প্রশ্ন এড়াতে পারেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসিকাণ্ড নিয়ে একঝাঁক প্রশ্নের জবাবে অরূপের জবাব, ‘বিচারাধীন মামলা নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না। যা বলার সবটাই আদালতে বলব। সত্যের জয় হবে।’
  • Link to this news (বর্তমান)