• বাবার জন্মদিনের নামেও কোটি টাকার তোলা! অভিযুক্ত উদয়ন
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দিনহাটা: বাবার জন্মদিন। তার জন্যও দিতে হবে ‘চাঁদা’। রেট চার্ট বাঁধা তারও। পান-বিড়ির দোকানদার হলে ৫০০-১০০০ টাকা, মাঝারি দোকান ৫ হাজার, একটু বড়ো মাপের ব্যবসায়ীর রেট ৩০ হাজার টাকা, আর বড়ো শো-রুম বা ধনী ব্যবসায়ী হলে? অন্তত লাখখানেক। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগই এবার উঠল। নেপথ্যে কোচবিহারের ব্যবসায়ীরা। তাঁদের দাবি, কেউ টাকা দিতে না চাইলে পড়তে হত হুমকির মুখে। এই ‘নির্যাতন’ চলত প্রতি বছর। বাবা কমল গুহকে সামনে রেখে এভাবেই উদয়ন কোটি কোটি টাকা ‘তোলাবাজি’ করেছেন বলে অভিযোগ করেছেন তাঁরা। আবাসের কাটমানি ও তোলাবাজির অভিযোগের পাশাপাশি নতুন এই দাবি সামনে আসায় পুলিশও নড়েচড়ে বসেছে। শুরু হয়েছে খোঁজখবর। 

    বুধবার গ্রেপ্তারের পর পুলিশ দুপুরেই উদয়নকে নিয়ে রওনা দিয়েছিল কোচবিহারের উদ্দেশে। বৃহস্পতিবার ভোরে তাঁরা পৌঁছে যান এলাকায়। ‘উদয়ন এসে গিয়েছেন’ খবর পেতেই থানার বাইরে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ জনতা। চলতে থাকে স্লোগান। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেছিল পুলিশ। তাই আদালতে নিয়ে যাওয়ার জন্য বেরনোর সময়ই উদয়নকে হেলমেট পরিয়ে বের করা হয়। তা সত্ত্বেও অবশ্য ডিম থেরাপি এড়ানো যায়নি। ক্ষুব্ধ এলাকাবাসী ডিম নিয়ে ‘প্রস্তুত’ ছিল। উদয়নকে লক্ষ্য করে ছোড়া হয়েছে জুতোও। দিনহাটা আদালত তাঁকে ছ’দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে।

    তদন্তে উঠে এসেছে, আবাস যোজনার দুর্নীতি এবং তোলাবাজি চালিয়ে কোটি কোটি টাকা আমদানি করেছিলেন উদয়ন। সঙ্গে যোগ হয়েছে বাবার জন্মদিনের অছিলায় টাকা তোলার অভিযোগ। নিজের জেলার প্রত্যেক তৃণমূলের বিধায়ক, কাউন্সিলারকে তিনি বলে দিতেন, কাকে প্রতি মাসে কত টাকা দিতে হবে। সেইমতো তাঁরা শাগরেদদের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীকে ‘রেট’ জানিয়ে আসতেন। টাকা দিতে না পারলে দোকান বন্ধ করার হুমকি দেওয়া হত বলে অভিযোগ। পুলিশ জেনেছে, ব্যবসায়ী বা অন্যদের থেকে টাকা ‘কালেকশন’ করার জন্য ছ’জনের একটি টিম ছিল। তারা উদয়ন গুহর কথা মতো বিভিন্ন জায়গায় পৌঁছে নগদ সংগ্রহ করত এবং তা তুলে দিত প্রাক্তন এই মন্ত্রীর হাতে। পুলিশের দাবি, সেই টাকা তিনি নিয়ে এসে রাখতেন কলকাতার ফুলবাগানের ফ্ল্যাটে। 
  • Link to this news (বর্তমান)