• যোগ দিবস পালনে রেড রোড বন্ধের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতিতে রেড রোড টানা সাতদিন (১৪-২১ জুন) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সরকারি বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। তবে জনস্বার্থে বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ২১ জুন কর্মসূচি শেষ হওয়ার পর রেড রোড স্বাভাবিক যান চলাচলের জন্য খুলে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

    রেড রোড বন্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন নামে আইনজীবীদের একটি সংগঠন। তাদের হয়ে এদিন শুনানিতে আইনজীবী বিকাশ ভট্টাচার্য দাবি করেন, এই সিদ্ধান্তের কারণে আইনজীবীদের আদালতে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। 

    তবে রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য পালটা দাবি করেন, এটি একটি আন্তর্জাতিক অনুষ্ঠান। পালাক্রমে প্রতিটি রাজ্য প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবার এই অনুষ্ঠান হচ্ছে পশ্চিমবঙ্গে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী স্বয়ং। এসপিজি-সহ একাধিক নিরাপত্তা সংস্থা এই বিষয়ে যুক্ত থাকবে। এই কারণেই এই সিদ্ধান্ত। 

    যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, ব্রিগেডের পরিবর্তে কেন রেড রোডে এই অনুষ্ঠানের আয়োজন করা হল? অনুষ্ঠানটি ব্রিগেডে হলে আরো বেশি মানুষ যোগ দিতে পারতেন। সবশেষে বিচারপতি তাঁর নির্দেশে জানান, পুলিশকে বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করতে হবে। রাস্তা এতদিন বন্ধ রাখা হল কেন, তার জন্য একটি হলফনামাও জমা দিতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান ‘বাধ্যতামূলক’ করেছে রাজ্য সরকার! এমন বক্তব্য নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। সেই মামলায় অবশ্য রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মীদের তরফে এই কর্মসূচি বাধ্যতামূলকভাবে পালন করার কথা কোথাও লেখা নেই। এটি একটি সচেতনমূলক কর্মসূচি। 

    মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, বিভিন্ন ডে আছে—মাদার্স ডে, ফাদার্স ডে প্রভৃতি। এখন আবার যোগা ডে হচ্ছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, ভ্যালেন্টাইন্স ডে আপনি কীভাবে ভুলে গেলেন? এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় প্রমুখ যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে নবান্ন সভাঘরে এক বৈঠক করেন। যোগ অনুশীলনের সম্পূর্ণ কর্মসূচি তুলে ধরা হয় সেখানে। এই উপলক্ষ্যে ২০টি ডাক টিকিট প্রকাশ করা হয় এদিন। 

    মুখ্যমন্ত্রী জানান, রেড রোডের অনুষ্ঠানে যোগদানের জন্য ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। অনুষ্ঠান ব্রিগেডেই কেন? তার জবাবে মুখ্যমন্ত্রীর যুক্তি, ব্রিগেডে বর্ষার জল জমে। তাই রেড রোডে এই অনুষ্ঠানের আয়োজন করতে হয়েছে। 
  • Link to this news (বর্তমান)