• তোষণের রাজনীতিতে তৃণমূল আমলে বঙ্গে হয়নি যোগ দিবস, গোপন অ্যাজেন্ডারও অভিযোগ শুভেন্দুর
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • এই সময়: পূর্বতন তৃণমূল সরকারের ‘গোপন অ্যাজেন্ডা’র কারণে কেন্দ্রের বহু প্রকল্প থেকে রাজ্য বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, দেশের বহু রাজ্য আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিলেও বাংলা কখনও আয়ুষ মন্ত্রকের এই কর্মসূচিতে সামিল হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আসলে তৃণমূল সরকার বিষয়টিকে তোষণের রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলেছিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। পরশু, রবিবার দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আজ, শুক্রবার রাজ্য জুড়ে বিশেষ ম্যারাথন— ‘রান ফর যোগা’ দিয়ে কর্মসূচি শুরু হবে। কর্মসূচির উদ্যোক্তা রাজ্য সরকার ও কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক। এ বারের থিম ‘যোগা ফর হেলদি এজিং’— অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগাভ্যাস। আজ, শুক্রবার সকাল ৭টায় কলকাতায় পুরসভার সদর দপ্তরের সামনে থেকে দৌড় শুরু হয়ে শেষ হবে মহাকরণে। কর্মসূচির দ্বিতীয় দিন, শনিবার পালন করা হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। দিনটি স্মরণীয় করে রাখতে গঙ্গাবক্ষে ৫০০ নৌকো নিয়ে প্রযুক্তি-নির্ভর এক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। শনিবার বিকেল সাড়ে ৫টায় গঙ্গায় বিশেষ যোগাভ্যাসের কার্নিভাল হবে— ‘বন্দে যোগাম’। শনিবার সন্ধ্যায় কলকাতার আকাশ ঢাকবে তিন হাজার ড্রোন।

    শুভেন্দু জানান, রবিবার সকাল সওয়া ৬টায় রেড রোডে শুরু হবে সাধারণ মানুষের জমায়েত, পৌনে ৭টায় শুরু হবে মূল যোগাভ্যাসের কর্মসূচি। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, ‘আমরা আগেই বলেছি, এটা বাধ্যতামুলক নয়। তবে সুস্থ থাকার জন্য যোগাভ্যাসের প্রয়োজন।’

  • Link to this news (এই সময়)