• শনি ও রবিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • আগামী শনি ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

    গত কয়েক দিন ধরে অস্বস্তিকর, ভ্যাপসা গরম ছিল কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে। তবে বৃহস্পতিবার রাতে সামান্য বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছিল কলকাতায়। শুক্রবার সকালেও বিক্ষিপ্ত হয়েছে শহরে। তার জেরে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কমই। ভ্যাপসা গরমও নেই সেই অর্থে। সপ্তাহান্তেও এই স্বস্তি বজায় থাকবে বলেই জানাল আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত, আগামী ২১ জুন অর্থাৎ রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে গত কয়েক দিন ধরেই জোরকদমে চলছে প্রস্তুতি।

    শুক্রবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগনায় বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি। ঝড়বৃষ্টির কারণে এই জেলাগুলিতেও তাপমাত্রা কমবে।

    উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে পাহাড়ে ধস, নীচু এলাকায় জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শনি ও রবিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

  • Link to this news (এই সময়)