• ৫ দিন পরে কাঁচরাপাড়ার সেই স্কুলে মিলল আরও ৮ লক্ষ টাকা! সব মিলিয়ে উদ্ধার ১.৮৫ কোটি
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • প্রথম তল্লাশিতে উদ্ধার হয়েছিল ১ কোটি ৭৭ লক্ষ টাকা। তার রেশ কাটতে না কাটতেই কাঁচরাপাড়ার সেই বেসরকারি স্কুল থেকে আরও ৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। তদন্তকারীদের দাবি, সব মিলিয়ে ওই স্কুল থেকে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

    গত ১০ জুন রাতে কাঁচরাপাড়ার ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে হানা দিয়েছিল বীজপুর থানার পুলিশ। সেখান থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেপ্তার হন স্কুলের অ্যাকাউন্ট্যান্ট অভীক নাগ এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট সায়ন পাল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা পরে গত ১৫ জুন গভীর রাতে আবার স্কুলে তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে নিয়ে যাওয়া হয়েছিল ধৃত দু'জনকেও। সেই অভিযানেই উদ্ধার হয় ৮ লক্ষ টাকা। স্কুলে আরও কোথাও বেআইনি ভাবে টাকা লুকিয়ে রাখা হয়েছে কি না, তা ধৃতদের আরও জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    উদ্ধার হওয়া টাকা বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ভাই তথা কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারীর 'কালো টাকা' বলে দাবি করেছেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, ‘শুধু একটা স্কুলে নয়, আমার ধারণা আরও অনেক জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ওরা টাকা রেখেছে। যে জায়গা ওরা নিরাপদ মনে করেছে, যেখানে কারও নজর পড়বে না, সেখানেই টাকা রাখা হয়েছে। না হলে স্কুলে এত টাকা থাকতে পারে না।’ বিধায়কের অভিযোগ, ২০২২ সালে চিটফান্ড মামলায় সিবিআই বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর থেকেই সুবোধ কালো টাকা লুকোনোর জায়গা খুঁজছিলেন। কমল-সহ এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁদের পুলিশ খুঁজে বের করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও 'কালো টাকা' পাওয়া যাবে বলে দাবি করেছেন বিধায়ক। পুলিশ সূত্রে খবর, কমল এবং সুবোধ রাজ্যে পালাবদলের পর থেকেই ‘পলাতক’। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তা সম্ভব হয়নি বলেই জানিয়েছে পুলিশ সূত্র।

  • Link to this news (এই সময়)