• ২৫ জুন পর্যন্ত দার্জিলিং পাহাড়ে ভারী বৃষ্টির দুর্যোগ, দক্ষিণবঙ্গে কী হবে? IMD-র আপডেট
    আজ তক | ১৯ জুন ২০২৬
  • এতদিন চরম গরম সহ্য করেছে দক্ষিণবঙ্গ। সকাল থেকেই ছিল চড়া রোদ। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছিল। তবে গতকাল বিকেল থেকে বদলে গিয়েছে আবহাওয়া। বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। এমনকী আজ, অর্থাৎ শুক্রবার সকাল থেকেই ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চল। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। আর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ধরনের আবহাওয়া এখন থাকবে। আজও বৃষ্টি হবে। 

    আর এহেন বৃষ্টি শুরুর পরই সাধারণ মানুষের মনে উঁকি দিচ্ছে একাধিক প্রশ্ন। তাঁরা জানতে চাইছেন, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? এমন বৃষ্টি কি চলবে? আর সেই উত্তরটাই দিয়েছে আবহাওয়া দফতর।

    উত্তরবঙ্গে বৃষ্টি...
    আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, সেই দিন থেকে এক সপ্তাহ উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আইএমডির বুলেটিন অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ২৫ জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এই সব জেলার মানুষেরা এই সময় একটু সাবধানে থাকুন। চেষ্টা করুন সঙ্গে ছাতা রাখার। পাশাপাশি চলাচল করুন সাবধানে। 

    আর যাঁরা এই সময় পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, তাঁরাও সাবধানে যান। কারণ, ইতিমধ্যে এহেন বৃষ্টির জন্য পাহাড়ের একাধিক রাস্তায় নেমেছে ধস। তাই সাবধান না হয়ে গতি নেই। 

    দক্ষিণঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
    ইতিমধ্যেই মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। তবে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। যদিও বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দাপট। এমনকী শুক্রবার সকালেও বেশ ভালই বৃষ্টি পড়ছে। আর এই ধরনের আবহাওয়া আগামী কয়েকদিন দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম বজায় থাকতে পারে। কিন্তু তারপরও বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। শনি এবং রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান  ও নদিয়ায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

     
  • Link to this news (আজ তক)