উচ্চ মাধামিকে বৃত্তিমূলক শাখায় মার্কশিটের হার্ডকপি পেতে বিলম্ব
বর্তমান | ১৯ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃত্তিমূলক শাখায় উচ্চ মাধ্যমিকের ফল বের হওয়ার পর অরিজিন্যাল মার্কশিট পেতে অনেক দেরি হচ্ছে বলে অভিযোগ। গত ১৪ মে পরীক্ষার ফল বের হয়। ফল বের হওয়ার পর ই-মার্কশিট দেওয়া হয়। কিন্ত পরীক্ষার্থীরা অফলাইনে মার্কশিট ও সার্টিফিকেট বৃহস্পতিবার পর্যন্ত পাননি বলে বৃত্তিমূলক শাখার স্কুলগুলির শিক্ষকদের সংগঠনের অভিযোগ। গত বছরও একই সমস্যা হয়েছিল। অনেক পরে অরিজিন্যাল মার্কশিট আসার পর বেশ কিছু পরীক্ষার্থীরা দেখেন, তাঁদের সফট কপির সঙ্গে নম্বরের পার্থক্য আছে। এর ফলে উচ্চতর কোর্সে ভরতি প্রক্রিয়ায় সমস্যায় পড়তে হয়। উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক শিক্ষা সমন্বয় সমিতির সহ সভাপতি চঞ্চল ঘোষ জানিয়েছেন, এবারও সেরকম কিছু হয় কি না সেটা নিয়ে তাঁরা ও পরীক্ষার্থীরা চিন্তায় আছেন। আজ শুক্রবার নোডাল সেন্টারগুলি থেকে মার্কশিট দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। কিন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অনেক শিক্ষার্থী ভিন রাজ্যে উচ্চতর পড়াশোনা করতে যান। সেখানে অরিজিন্যাল মার্কশিট তাড়াতাড়ি দিতে বলা হচ্ছে।