• সংঘ নেত্রীদের দুর্নীতির প্রতিবাদে স্বনির্ভর গোষ্ঠী
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: স্বনির্ভর সংঘের নেত্রীদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন গোষ্ঠীর মহিলারা। তাঁদের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর তহবিল আত্মসাৎ ও দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাচন ছাড়াই পদ আগলে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার কুলপি থানার করঞ্জলি পল্লিশ্রী সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির অধীনস্থ প্রায় কুড়িটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা নেত্রীদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁরা একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে অবিলম্বে নির্বাচন করে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছেন তাঁরা। এবিষয়ে একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা চম্পা হালদার বলেন, সংঘে তিনজন প্রভাবশালী নেত্রী প্রায় ১৫ বছর সাধারণ নির্বাচন না করিয়ে ক্ষমতা ধরে রেখেছেন। সংঘের টাকার কোনো হিসাবও দেন না। এমনকী বিভিন্ন ক্ষেত্রে জোর করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে তাঁরা টাকা আদায় করেন বলেও অভিযোগ। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)