• কাঁচরাপাড়ার ইংলিশ মিডিয়াম স্কুল থেকে উদ্ধার আরও ৮ লক্ষ
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়ার নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ফের তল্লাশি চালিয়ে আরও আট লক্ষ টাকা উদ্ধার করল বীজপুর থানার পুলিশ। এর আগে ১০ জুন রাতভর অভিযান চালিয়ে ওই স্কুল থেকে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি একটি সুসজ্জিত ঘর থেকে ফূর্তির প্রচুর উপাদান মিলেছিল বলে পুলিশ সূত্রে দাবি। সেই ঘটনায় স্কুলের কোষাধ্যক্ষ অভীক নাগ ও সহকারী হিসাবরক্ষক সায়ন পালকে পুলিশ গ্রেপ্তার করেছে।

    তাঁদের জিজ্ঞাসাবাদের পর গত ১৫ জুন গভীর রাতে ফের ওই স্কুলে হানা দেয় পুলিশ। ধৃতদের সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে আরও টাকা উদ্ধার করে পুলিশ। ফলে মোট উদ্ধার হওয়া অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা। এই ঘটনাকে ঘিরে বীজপুরে কানাঘুষো চলছে। স্কুলের মধ্যে নগদ এত টাকা কীভাবে এল, তা নিয়ে চলছে জোর চর্চা। বিজেপি এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছে। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা এখানকার প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারীর। সবটাই ‘কালো টাকা’। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে এই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এফআইআরে নাম থাকা ব্যক্তিদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও টাকার হদিশ মিলতে পারে বলে দাবি করেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। বারাকপুরের পুলিশ কমিশনার অমিতকুমার সিং বলেন, ‘ধৃতদের জেরা করে কার টাকা, কীভাবে তা স্কুলে এল, তা জানার চেষ্টা চলছে।’
  • Link to this news (বর্তমান)