• ভোটপ্রচারে অভিষেকের উসকানিমূলক মন্তব্যের তদন্তে বোনকে জিজ্ঞাসাবাদ
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উসকানিমূলক বক্তব্যের তদন্তে তাঁর ছোটো পিসির বাড়িতে বৃহস্পতিবার পৌঁছে গেল সিআইডি টিম। তাঁরা অভিষেকের পিসতুতো বোনকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। এই বোন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের হয়ে সোশ্যাল মিডিয়া সাইট দেখভাল করতেন। বেশ কিছু তথ্য সংগ্রহের পর ঘণ্টাখানেক বাদে তাঁরা ওই বাড়ি থেকে বেরিয়ে যান। এদিকে, তৃণমূলের কাউন্সিলারকে ডায়মন্ডহারবার থানায় ডেকে এনে বিদ্যুতের শক দেওয়া ও বেধড়ক মারধরের ঘটনায় ওই জেলার তদানীন্তন এসডিপিও মিথুন দে’র বিরুদ্ধে জমা পড়া অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর এফআইআর দায়ের করেছে পুলিশ।

    ভোটের প্রচারে গিয়ে ডায়মন্ডহারবারের এমপি মন্তব্য করেছিলেন, ৪ তারিখ ভোটের ফল বেরনোর পর এমন ডিজে বাজবে যে, কান ঝালাপালা হয়ে যাবে। এই মামলায় গত মঙ্গলবার অভিষেককে তলব করে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডির অফিসাররা। তদন্তে উঠে আসে, অভিষেকের বিভিন্ন কর্মসূচি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়িত্ব ছিল তাঁর পিসতুতো বোনের। অভিষেকের সেই ডিজে সংক্রান্ত মন্তব্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ বিষয়ে বক্তব্য জানতে অভিষেকের পিসির কালীঘাটের বাড়িতে যান তদন্তকারীরা। এই সংক্রান্ত বিভিন্ন নথি চাওয়া হয়। তিনি পোস্ট করেছিলেন কি না, জানতে চান তাঁরা।

    এদিকে, ডায়মন্ডহারবারের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তমাল হালদার পুরসভার দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই অপবাদে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পেশায় চিকিৎসক ওই কাউন্সিলারকে ডায়মন্ডহারবার থানায় এনে বিবস্ত্র করে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এমনকি, তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছিল। গোটা ঘটনাটি ঘটেছিল ডায়মন্ডহারবারের তদানীন্তন এসডিপিও মিথুন দে’র উপস্থিতিতে। পালাবদলের পর ওই প্রাক্তন কাউন্সিলার এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগপত্রে নাম ছিল ওই পুলিশ অফিসাররের। প্রাথমিক অনুসন্ধানের পর বুধবার ওই পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে ডায়মন্ডহারবার থানা।
  • Link to this news (বর্তমান)