নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিআইডি পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফোন এসেছিল বলে দাবি করলেন তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাটি তিনি লিখিত আকারে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে জানিয়েছেন। কল্যাণের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি সিআইডি অফিসার পরিচয় দিয়ে ফোন করেছিলেন। উনি বলেন, আমাকে জিজ্ঞাসাবাদ করতে চান। আমি একজন সিনিয়র আইনজীবী। আমি যদি কোনো ফৌজদারি মামলার বিষয়ে আদালতে সওয়াল করি, তাহলে পুলিশ কীভাবে সেব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে? এটা আইনজীবীর প্রতি অসম্মান। তাই বিষয়টি বার অ্যাসোসিয়েশনের নজরে এনেছি। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, সে সংক্রান্ত মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছিলেন কল্যাণ। যদিও হাইকোর্টের পর্যবেক্ষণে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা।