• চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ, ধৃত অভিযুক্ত
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • এই সময়, হলদিয়া: চাকরি দেওয়ার নাম করে দু’বছর ধরে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মূল অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। দীপশেখর প্যাটেল নামে বছর বত্রিশের ওই যুবককে মঙ্গলবার রাতে সুতাহাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সুতাহাটার হাদিয়া গ্রামে। জানা গিয়েছে, মহিষাদলের বিজেপি বিধায়ক সুভাষচন্দ্র পাঁজার নাতি তিনি।

    হলদিয়ার একটি বেসরকারি সংস্থার স্থায়ী কর্মী দীপশেখরের বিরুদ্ধে সুতাহাটা এবং দুর্গাচক থানায় চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে ৭০-৮০ জন যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন। যার পরিমাণ প্রায় ২ কোটি। সূত্রের খবর, ২০২৪ সাল থেকে চলছে ওই কাজ। সম্প্রতি এক প্রতারিত ময়না থানার উত্তর চংরাচকের বাসিন্দা জগদীশ দাস দীপশেখরের বিরুদ্ধে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেন।

    জগদীশের অভিযোগ, ‘বিশ্বাসযোগ্যতা বাড়াতে দীপশেখর ভুয়ো ইমেল আইডিও তৈরি করেছিলেন। সেখান থেকে একটি বেসরকারি শিল্পসংস্থায় চাকরির জাল নিয়োগপত্র পাঠানো হয়েছিল। পরবর্তী কালে খোঁজ নিয়ে জানা যায়, ওই সংস্থায় কোনও নিয়োগ হচ্ছে না। এর পরেই থানায় লিখিত অভিযোগ জানাই।’ এ বিষয়ে জানতে বিধায়ক সুভাষচন্দ্র পাঁজাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। মেসেজ করা হলেও উত্তর আসেনি।

    সংশ্লিষ্ট সংস্থার ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের কোম্পানির নাম ভাঙিয়ে দীপশেখর প্যাটেল নামে আমাদেরই এক কর্মী প্রতারণার জাল পেতেছিলেন। হলদিয়া, সুতাহাটা, ময়না, মহিষাদল–সহ বিভিন্ন এলাকার প্রায় ৭০-৮০ জন যুবককে চাকরি দেওয়ার নাম করে প্রায় ২ কোটি টাকা হাতিয়েছেন বলে অনুমান। আমরা বিষয়টি জানার পরে পুলিশে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানানো হয়েছে।’

    তিনি জানান, এই জাল চক্রের জন্য তাঁদের কোম্পানির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই চক্রের পিছনে যারা আছে, তাদের গ্রেফতার করে আইনি পদক্ষেপ করতে পুলিশকে বলা হয়েছে।’ ধৃতকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

  • Link to this news (এই সময়)