কলকাতা মেট্রোয় আবার ফিরল আতঙ্ক! শুক্রবার সকালে দমদমগামী মেট্রোর রেকে ধোঁয়া ঘিরে আতঙ্ক ছড়ায়। রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রোয় ধোঁয়া দেখতে পান কর্মীরা। এর পরেই যাত্রীদের মেট্রো থেকে নামানো হয়। এর জেরে কিছু ক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল।
শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে রবীন্দ্র সরোবর স্টেশনে আপ ট্রেনে ধোঁয়া দেখা যায়। এর পরেই যাত্রীদের নামিয়ে বিষয়টি খতিয়ে দেখেন কর্মীরা। এমনিতেই শুক্রবার সকাল থেকে কলকাতায় নাগাড়ে বৃষ্টি হচ্ছে। জল জমেছে জায়গায় জায়গায়। এই দুর্যোগের মধ্যে স্বাভাবিক ভাবেই প্রচুর মানুষের ভরসা মেট্রো। সেখানে এই ঘটনায় আতঙ্ক তৈরি হওয়াই স্বাভাবিক।
যদিও মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় খুব বেশি ক্ষণ পরিষেবা বন্ধ ছিল না। মেট্রো সূত্রে খবর, মেরেকেটে ১১ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। তার পরেই পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। তবে মেট্রোর রেকে ধোঁয়া দেখা যাওয়ার ঘটনা শহরে নতুন নয়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। শুক্রবার কী কারণে মেট্রোয় ধোঁয়া দেখা গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।