• শিশু সন্তানকে আটকে তার মাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ শওকত-সহ ৪ জনের বিরুদ্ধে
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • এ বার ধর্ষণের অভিযোগ দায়ের হলো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। গত ১৫ জুন, সোমবার এক মহিলা জীবনতলা থানায় এই অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।

    ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন শওকত। তাঁকে গ্রেপ্তার করেছে এনআইএ। এ বার ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ায় আরও বিপাকে তৃণমূল নেতা। অভিযোগপত্রে ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ঘটনাটি ২০১৯ সালের মার্চ মাসের। মহিলার গুরুতর অভিযোগ, তাঁর পাঁচ বছরের শিশুসন্তানকে আটকে রেখে শওকত এবং তাঁর তিন ঘনিষ্ঠ মিলে তাঁকে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছেন এবং অত্যাচার চালিয়ে গিয়েছেন। ওই তিন জনের মধ্যে এক জন শওকতের গাড়িচালক। অন্য জন সেই গাড়িচালকের দাদা। চতুর্থ অভিযুক্ত মূল ষড়যন্ত্রী বলে মহিলার অভিযোগ।

    পুলিশের কাছে মহিলার অভিযোগ, তাঁর ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল কয়েক জন সমাজবিরোধী। সন্তানকে ফিরে পেতেই তিনি অভিযুক্তদের এক জনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার পর থেকেই শুরু হয় অত্যাচার। অভিযোগকারিণীর বক্তব্য, তাঁকে নিজের ডেরায় নিয়ে প্রথমে ধর্ষণ ও মারধর করেছিলেন শওকতের গাড়িচালকের দাদা। তাঁকে বলা হয়েছিল, যখনই ডাকা হবে, তখন চলে আসতে হবে। নইলে ছেলেকে তিনি পাবেন না।

    অভিযোগপত্রে মহিলা জানান, ধর্ষণের সময়ের ছবি-ভিডিয়োও তুলেও রেখেছিলেন ওই অভিযুক্ত। তা দেখিয়ে দিনের পর দিন তাঁকে ব্ল্যাকমেল করা হয়েছে। কথা মতো না চললে সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। বধূর অভিযোগ, ওই অভিযুক্তই পরে তাঁকে (বধূকে) শওকতের ডেরায় পাঠান। সেখানেই তৃণমূল নেতা তাঁকে ধর্ষণ করেছেন। ধর্ষণ করেছেন তাঁর গাড়িচালকও। মহিলা জানিয়েছেন, এত দিন ভয়ে এবং লজ্জার কারণে তিনি এই ঘটনার কথা কোথাও জানাতে পারেননি।

    পুলিশ সূত্রে খবর, গৃহবধূর অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। তার ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)