• ফের রেলের বড় পরিকল্পনা কাটিহার ডিভিশনে বাড়ছে গতি, শিলিগুড়িবাসীর কাছে বড় সুখবর
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার (১.৩৮০ কিমি)–কুরেথা (১২.৪৪০ কিমি) এবং কাটিহার (১.৩২৭ কিমি)–সোনাইলি (১৭.৫৪২ কিমি) সেকশনে নবনির্মিত ব্রড গেজ (বিজি) ডাবল লাইনের পরিদর্শন করছেন কলকাতার উত্তর-পূর্ব সীমান্ত সার্কেলের, কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংঘল। পরিদর্শন কার্যসূচি ১৭ জুন, ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং ১৯ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। এই দুটি সেকশনে কাটিহার-কুমেদপুর এবং কাটিহার-মুকুরিয়া নতুন ডাবল লাইন প্রকল্পের অন্তর্ভুক্ত।

    মোট ৬৪.১৪ কিলোমিটার দীর্ঘ কাটিহার-কুমেদপুর এবং কাটিহার-মুকুরিয়া নতুন ডাবল লাইন প্রজেক্টটি একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন পদক্ষেপ, যার লক্ষ্য হল এই অঞ্চলে রেলেওয়ের সক্ষমতা ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করা। এই প্রকল্পে ২টি গুরুত্বপূর্ণ ব্রিজ, ২৭টি মেজর ব্রিজ ও ২৩টি মাইনর ব্রিজের পাশাপাশি বিস্তৃত রেললাইন এবং সংশ্লিষ্ট রেল পরিকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর, এই ডাবল-লাইন করিডোরটি ১৬টি রেলওয়ে স্টেশনের পরিষেবা প্রদান করবে! এর ফলে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন জুড়ে ট্রেন পরিচালন ব্যবস্থার উন্নতি, লাইনের সক্ষমতা বৃদ্ধি, যানজট হ্রাস এবং যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে অধিকতর দক্ষতা নিশ্চিত হবে। কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি সেকশনে সিআরএস পরিদর্শন প্রজেক্টটির অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    পরিদর্শন কর্মসূচির সময়, সুমিত সিংঘল নবনির্মিত সেকশনগুলির স্টেশন পরিকাঠামো, ট্র্যাক জ্যামিতি, ব্রিজ, সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন ব্যবস্থা, বৈদ্যুতিক ইনস্টলেশন, সুরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট রেলওয়ে সম্পদ পরিদর্শন করবেন। পরিদর্শনের অধীনে যাত্রাপথে অবস্থিত স্টেশন ও ফিল্ড ইনস্টলেশ্যান স্থাপনাগুলোর বিস্তারিত পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকবে। চলমান সিআরএসের বিধিগত পরিদর্শন এই নতুন ডবল লাইন সেকশনগুলি কমিশনিংয়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাটিহার-কুরেথা এবং কাটিহার-সোনাইলি ডবল লাইন সেকশনের কাজ সম্পন্ন হওয়া উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে, যা সমগ্র অঞ্চলজুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা ও আরও সুগম ট্রেন চলাচলের ক্ষেত্রে অবদান রাখবে।
  • Link to this news (News18 বাংলা)