• টানা বৃষ্টির মাঝেই টিটাগড়ে তীব্র চাঞ্চল্য! কবরস্থানের পুকুর থেকে বৃদ্ধের দেহ উদ্ধার
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • : টিটাগড়ে পুকুর থেকে বৃদ্ধের দেহ উদ্ধার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় বাসিন্দারা। টিটাগড়ের জি সি রোড সংলগ্ন একটি কবরস্থানের ভিতরে থাকা পুকুর থেকে শুক্রবার এক বৃদ্ধের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতের নাম রঞ্জিত রায় (আনুমানিক ৬০)। তিনি পাতুলিয়া সরকারি আবাসনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই টানা বৃষ্টির মধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই পুকুরে স্নান করতে যান। সেই সময় তাঁরা পুকুরের জলে একটি দেহ ভাসতে দেখতে পান। ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় রহড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত ব্যক্তি রঞ্জিত রায়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

    তিনি স্নান করতে নেমে জলে ডুবে মারা গিয়েছেন, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে কবরস্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

    তাঁদের অভিযোগ, কবরস্থান ঘিরে দেওয়া হয়েছে উঁচু পাঁচিল, ফলে পুকুরে কে কখন স্নান করতে আসছেন, তা বাইরে থেকে বোঝার উপায় নেই। ফলে কোনও দুর্ঘটনা ঘটলেও দ্রুত সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এর আগেও এই পুকুরে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তার স্বার্থে পাঁচিলের উচ্চতা কিছুটা কমানো এবং পুকুর সংলগ্ন এই এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)