• হড়পা বানে নদীর মাঝে আটকে পড়ল মালবাহী ট্রাকটার সমেত চালক, বরাত জোরে প্রাণে বাঁচলেন চালক
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা দিয়েছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। জল বাড়তে শুরু করেছে জলঢাকা, চেল, লিস, ঘিস, মাল নদীতে। নদী পারাপার করতে গিয়ে জল বেড়ে যাওয়ার কারণে মালবাহী ট্রাক্টর আটকে গেল নদীর মাঝে। বরাত জোরে প্রাণে বাঁচলেন ট্রাক্টর চালক। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মাল নদীতে। ট্রাক্টরটি নদীর মাঝে আটকে পড়ে এবং তখনই জল বাড়তে শুরু করে।

    দার্জিলিং পাহাড়ে অবিরাম বর্ষণের জেরে একের পর এক বিপর্যয়ের ঘটনা সামনে আসছে। শুক্রবার সকালে মহানদী সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক ১১০-এর উপর বড়সড় ধস নামায় পাহাড় ও সমতলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের জেরে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেন লাইনেরও একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

    দার্জিলিংয়ে বৃহস্পতিবার রাতের প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সনের (হিউম পাইপ সেতু) একটি অংশ। এর ফলে এলাকায় যাতায়াতে সাময়িক সমস্যা দেখা দিলেও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। পূর্ব দফতর (PWD)-এর একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করছে এবং নদীর জলস্তর স্বাভাবিক হলেই পুনরুদ্ধারের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কাঠামোটি একটি হিউম পাইপ ব্রিজ বা অস্থায়ী কজওয়ে, যা অতিরিক্ত বৃষ্টিপাত এবং নদীর স্রোত বেড়ে গেলে ভেসে যাওয়ার ঝুঁকির মধ্যে থাকে। গত বছর ভারী বর্ষণের সময় পুরনো দুধিয়া সেতু ভেঙে পড়ার পর বিকল্প ব্যবস্থা হিসেবে এই অস্থায়ী ডাইভার্সন নির্মাণ করা হয়েছিল।
  • Link to this news (News18 বাংলা)