কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে গুরুতর আহত দুই কর্মী, দেরিতে উড়ান একাধিক বিমানের
News18 বাংলা | ১৯ জুন ২০২৬
কলকাতা বিমানবন্দরে বজ্রপাতে আহত ২ গ্রাউন্ড স্টাফ। জেলা জুড়ে রাত থেকে চলা টানা বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ও সংলগ্ন জেলার বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগের আবহাওয়ার মধ্যেই কলকাতা বিমানবন্দরে বজ্রপাতে আহত হলেন দুই গ্রাউন্ড স্টাফ।
জানা গিয়েছে, এমিরেটসের একটি বিমানের মালপত্র নামানোর কাজ চলাকালীন আচমকাই বজ্রপাতের ঘটনায় আহত হন ওই দুই কর্মী। বিমানবন্দর সূত্রে খবর, আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও একজন কর্মীর আঘাত তুলনামূলক ভাবে বেশি বলে জানা গিয়েছে বিমানবন্দর সূত্রে। বর্তমানে দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর।
অন্যদিকে, খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলেও প্রভাব পড়েছে। বেঙ্গালুরু থেকে কলকাতাগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানকে নিরাপত্তার কারণে কোনরকম ঝুঁকি না নিয়ে কলকাতায় অবতরণ না করিয়ে ভুবনেশ্বর বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। এই দুর্যোগের কারণে একাধিক উড়ানের সময়সূচিতেও প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত থেকেই কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় চলছে প্রবল বৃষ্টি। সঙ্গে দফায় দফায় বজ্রপাতের ঘটনাও ঘটছে। ফলে বহু এলাকায় জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিভিন্ন রাস্তায় যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। উল্লেখ্য, আবহাওয়া দফতর আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস মেনেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি।