রাজ্যে পালাবদলের পরে গত ৯ জুন দিঘার জগন্নাথ ধাম থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে দিঘার জগন্নাথ মন্দিরের নাম হয়েছে ‘শ্রীশ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র।’ শুক্রবার দিঘার জগন্নাথ মন্দিরে দেবদর্শনের সময়সূচিও পরিবর্তন করা হলো। আগামী ২২ জুন থেকে পরিবর্তিত সময়সূচি কার্যকর হবে।
সকালে মন্দির খোলা: সকাল থেকে ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত
বিকেলের বিরতি: মন্দির বন্ধ থাকবে দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত
সন্ধ্যায় মন্দির খোলা: বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত
উল্লেখ্য, ২০২৫ সালের গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠিত হয় দিঘা জগন্নাথ মন্দির। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ২২ একর জমির উপরে মন্দির প্রতিষ্ঠা করা হয়। তবে এই মন্দিরের নামের সঙ্গে ‘ধাম’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছিল। যা নিয়ে শুরু থেকেই আপত্তি তুলেছিল ওডিশার বিজেপি সরকার। গত বছরের ৬ মে ‘জগন্নাথ ধাম’ নামকরণ নিয়ে আপত্তি জানিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার জন্য আবেদন করে ওডিশা সরকার। এর পরেই ধাম শব্দটি বাদ দেওয়া হয়। তবে পুরোনো রীতি মেনে পুজো-সহ যাবতীয় কর্মকাণ্ড অপরিবর্তিত রয়েছে।