• নর্দমার জলে তলিয়ে গিয়ে মৃত্যু ৪ বছরের শিশুর, আলিপুরদুয়ারে পাঁচ ঘণ্টা পরে মিলল নিথর দেহ
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • নর্দমার জলে তলিয়ে গিয়েছিল চার বছরের এক শিশুকন্যা। পাঁচ ঘণ্টা পরে উদ্ধার হলো সেই শিশুটির নিথর দেহ। এই ঘটনাকে কেন্দ্রকে শুক্রবার উত্তপ্ত হলো আলিপুরদুয়ারের হাসিমারা। জয়গাঁ-আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূলের পঞ্চায়েতর প্রধানের বাড়ির সামনেও।

    স্থানীয় সূত্রে খবর, শিশুটি ভার্নাবাড়ি চা বাগানের বাসিন্দা। বাড়িতে আসা এক আত্মীয়কে ছাড়তে পরিবারের লোকেদের সঙ্গে বড় রাস্তায় গিয়েছিল সে। সেখান থেকে ফেরার সময়েই জলে তলিয়ে যায় ওই শিশুকন্যা। প্রাথমিক ভাবে স্থানীয়েরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শেষমেশ অকুস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সাতালি চা বাগানের নর্দমা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। দেহটি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, হাসিমারায় নর্দমা দখল করে ব্যাঙের ছাতার মতো একের পর এক অবৈধ বাড়ি গড়ে উঠেছে। এর মধ্যে সাতালি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িও রয়েছে। এই সব অবৈধ নির্মাণের ফলে নর্দমার জল যেতে না পারায়, সেই জল পার্শ্ববর্তী ভার্নাবাড়ি চা বাগানে গিয়ে জমা হয়েছে। সেই জলে পড়েই মৃত্যু হয়েছে শিশুকন্যার।

  • Link to this news (এই সময়)