২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে লিখিত ভাবে জানানো হয় যে, এটা বাধ্যতামূলক নির্দেশ নয়। কর্মীদের জন্য একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তা জেনেই বিচারপতি অমৃতা সিনহা মামলার নিষ্পত্তি করে দেন।
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ নিয়ে রাজ্য সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলা করে বামপন্থীদের সমর্থিত কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় প্রশ্ন তোলেন, এমন অনুষ্ঠানে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারির আদৌ কোনও এক্তিয়ার মুখ্যসচিবের রয়েছে কি না। রাজ্যের বক্তব্য, হলফনামা দিয়ে রাজ্যকে জানাতেও নির্দেশ দেওয়া হয়। এ দিন রাজ্য সরকারের তরফে জানানো হয়, ওই অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ফলে সরকারি কর্মচারীদের কেউ যোগ দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করবে না বলে মনে করছেন অনেকেই।
এ বার যোগ দিবসে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে মেগা ইভেন্ট রয়েছে সে দিন। গত ১৪ জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। তাতে যোগ দিবসে সরকারি কর্মীদের যোগব্যায়ামে অংশগ্রহণ করতে বলা হয়েছিল। ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত রাজ্যের সব সরকারি দপ্তরের কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে বলা হয়। যোগ দিবসে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক কেন এই প্রশ্ন তুলে বুধবার হাইকোর্টে মামলা করে কো-অর্ডিনেশন কমিটি। তাদের বক্তব্য ছিল, সরকারি কর্মচারীদের যোগদান ঐচ্ছিক করা হোক। সেই মামলাতেই এ দিন বিজ্ঞপ্তির ব্যাখ্যা স্পষ্ট করল সরকার।