বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ায় দলে ভাঙন অব্যাহত। এর মধ্যে আরও বিপাকে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
সরকারি কোনও জায়গা আটকে রেখে সভা, সমাবেশ, মিছিল করা যাবে না বলে ২০১৮ সালে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার পরেও প্রতি বছর ২১ জুলাই ধর্মতলায় রাস্তা আটকে তৃণমূলের অনুষ্ঠান হয়ে আসছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সভা হওয়ায় আদালত অবমাননার মামলা হয়। সেই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মমতা ও অভিষেকের বিরুদ্ধে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
১৯৯৩ সালে ২১ জুলাই কলকাতায় রাইটার্স বিল্ডিং অভিযানের সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থকদের মৃত্যুর ঘটনায় ও তার প্রতিবাদে ওই দিনে ‘শহিদ দিবস’ হিসেবে পালন করে তৃণমূল। কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে দু’টি দল আলাদা করে এই দিবস পালনের আয়োজন করে। রাজ্যে পালাবদলের পরে ধর্মতলায় ভিক্টরিয়া হাউসের সামনে রাস্তার উপরেই তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ শুরু হয়। ২০১১ সালের পর থেকেই সমাবেশের বহর বাড়তে শুরু করে।
এই সমাবেশ করার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেয়, কোনও রাজনৈতিক দলের সভার জন্য বড় রাস্তা আটকে রাখা যাবে না। কিন্তু আদালতের এই নির্দেশ অমান্য করে ২০২৫ সালেও ২১ জুলাইয়ের এই সমাবেশ করা হয় বলে অভিযোগ।