• শুক্রে টানা বৃষ্টিতে জলমগ্ন শহর, পাম্প বসিয়ে তৎপরতা পুরসভার, রইল হেল্পলাইন নম্বর
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। তড়িঘড়ি জলের পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। শহরের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই পরিদর্শন করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, ‘কলকাতার যেখানে যেখানে জল জমেছে, যাঁরা অসুবিধায় পড়ছেন তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। পুর ও নগরোন্নয়ন দপ্তরের ওয়েবসাইটে জানান।’

    বীরপাড়া এলাকায় ৮৮ মিমি

    বেলগাছিয়া এলাকায় ৯৫ মিমি

    ধাপা এলাকায় ৯০ মিমি

    উল্টোডাঙা এলাকায় ৮৯ মিমি

    পামার বাজার এলাকায় ৭১ মিমি

    কুলিয়া ট্যাংরা এলাকায় ৯৪.৬ মিমি

    চিংড়িঘাটা এলাকায় ৭৫ মিমি

    পাগলাডাঙা এলাকায় ১১৫ মিমি

    বালিগঞ্জ এলাকায় ৭০ মিমি

    এ দিন সকালের পরেই সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বৃষ্টিতে আলিপুর চিড়িয়াখানায় দু’টির জলের পাইপ লাইন ফেটে জলমগ্ন হয় চিড়িয়াখানার একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি অংশে নিকাশি পাইপ ফেটে যাওয়া এবং বৃষ্টির কারণে জল জমে ছিল। আধিকারিকদের নিদের্শ দিয়ে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করলাম।

    এর পাশাপাশি ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট-এ জলমগ্ন হয়। আরজি কর হাসপাতাল চত্বরের মধ্যে জল ঢুকে যায়। আরজি কর থেকে উল্টোডাঙা খালপাড় বরাবর রাস্তার বিভিন্ন অংশ জলমগ্ন। ভবানীপুরের নর্দান পার্কে হাঁটু সমান জল জমতে দেখা যায়। ইএম বাইপাসে মুকুন্দপুর, নয়াবাদ, কালিকাপুর অঞ্চলেও জল জমে। দক্ষিণে টালিগঞ্জ ট্রাম ডিপো এবং সাদার্ন অ্যাভিনিউর মুখে খানিকটা জল থাকলেও পরে দ্রুত নেমে যায়। এর বাইরে শহরের মূল রাস্তায় কোথাও সে ভাবে জল দাঁড়িয়ে নেই।

  • Link to this news (এই সময়)