বৃষ্টিতে দম্পতি ছুঁয়েছিলেন লোহার তার! তারপর যা হল...
আজকাল | ১৯ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকে তুমুল বৃষ্টি জেলায় জেলায়। কলকাতায় সকাল থেকেই আকাশ কালো, প্রবল বর্ষণ। আর বৃষ্টির সকালেই ঘটে গেল বিপর্যয়। লোহার তারে ভেজা জামা-কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার অন্তর্গত থানার মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম শিখা বিবি (৩০) এবং রাকিব শেখ (৩৫)। দৌলতাবাদ থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি কয়েক বছর আগেও বসন্তপুর এলাকায় থাকতো। রাকিব স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। কাজের সুবিধার জন্য দৌলতাবাদ থানার মোড় এলাকায় পিডব্লিউডি-র খাস জমিতে একটি ঝুপড়ি বাড়ি তৈরি করে ওই দম্পতি থাকতে শুরু করেছিল।
দৌলতাবাদ থানার এক আধিকারিক জানান, ওই দম্পতির বাড়িতে বৈধ বিদ্যুতের সংযোগ রয়েছে। রাকিবের ঘরে যে তার দিয়ে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে কোনওভাবে সেই তারের কিছু অংশ সম্ভবত ছিড়ে গিয়েছিল। স্থানীয় সূত্রের খবর, ওই দম্পতি বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেননি। বাড়ির টিনের চালার সঙ্গে লোহার তার বেঁধে ওই দম্পতি নিয়মিত নিজেদের ভেজা জামা কাপড় শুকাতেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে শিখা অথবা রাকিবুল লোহার তারে ভেজা জামাকাপড় শুকাতে অথবা সেখান থেকে তুলতে যাচ্ছিলেন। কিন্তু বিদ্যুৎবাহী তার ওই লোহার তারের সঙ্গে সংযুক্ত হয়ে থাকার বিষয়টি ওই দম্পতির নজরে আসেনি। জামা কাপড় শুকনোর লোহার তারে হাত দিতেই ওই দম্পতির মধ্যে কেউ একজন বিদ্যুৎপৃষ্ট হন। অন্যজন তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানিয়েছেন, ওই দম্পতির এক নাবালিকা কন্যা রয়েছে এবং শিখা বিবি গর্ভবতী ছিলেন। ঘটনার সময় ওই দম্পতির নাবালিকা কন্যা স্কুলে গিয়েছিল, ফলে ওই দম্পতির বিদ্যুৎপৃষ্ট হওয়ার বিষয়টি দীর্ঘক্ষণ কারও নজরে আসেনি। বেলা বাড়ার পর এক প্রতিবেশী শিখা বিবিকে ডাকতে গেলে তিনি দেখেন দু'জনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে বাড়ির উঠোনে পড়ে রয়েছেন। এরপরই খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়।