• কর্মীদের যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক নয়: নবান্ন
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসের দিন সকাল সাড়ে ৬টার মধ্যে কোনও সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার কলকাতা হাই কোর্টে এই বিষয়ে জানাল রাজ্য। নবান্নের তরফে জানানো হয়েছে, কারও উপস্থিতি বাধ্যতামূলক নয়। কোনও সরকারি কর্মী উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না।

    গত ১৪ জুন নবান্নের জারি করা একটি নির্দেশিকায় আগামী ২১ জুন যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্যের সব সরকারি কর্মীদের বাধ্যতামূলক ভাবে উপস্থিত থাকতে নির্দেশ দিল নবান্ন। আরও জানানো হয়েছিল যে এই নির্দেশ কোনও ভাবেই অমান্য করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিংহ জানতে চেয়েছিলেন রাজ্যের এমন বিজ্ঞপ্তি জারির এক্তিয়ার আছে কি না। তিনি রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন যে, শুক্রবারের মধ্যে হলফনামা দিয়ে জানাতে। এদিন রাজ্য জানিয়ে দিল যে, যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়।

    নির্দেশিকায় বলা হয়েছিল যে, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা (পিএসইউ), স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থাগুলির সকল কর্তা ও কর্মীদের (যার মধ্যে স্থায়ী, চুক্তিভিত্তিক, পার্ট-টাইম, দৈনিক মজুরি-ভিত্তিক, অস্থায়ী কর্মী, আউটসোর্সড কর্মী এবং সাম্মানিক ভিত্তিতে নিযুক্ত কর্মী) ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত তাঁদের নিজ নিজ কার্যালয়, বাসস্থান, রেড রোড এবং মিলন মেলা (মনোনীত হলে) থেকে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে এই দিনটি পালন করতে হবে। এই নির্দেশের বিরুদ্ধেই মামলা হয়েছিল আদালতে।

    যোগ দিবস উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এই কর্মসূচি উপলক্ষে রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। প্রশাসন সূত্রে খবর, ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই বহু মানুষ নাম লিখিয়েছেন। মূল মঞ্চের সামনে বসার আসন রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের সকাল সওয়া ৬টার মধ্যে প্রবেশ করতে হবে। আধ ঘণ্টা পরে শুরু হবে মূল কর্মসূচি।

     
  • Link to this news (আজকাল)