• বিশ্বের ২০০ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা ভারতের তিনটির!
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব র‍্যাঙ্কিং তালিকায় ফের জয়জয়কার ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা 'কোয়াককারেরি সিমন্ডস (কিউএস) বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৭'-এর তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বতালিকায় এর মধ্যে ভারতের মোট ৫২টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থান দখল করে নিয়েছে। প্রথম দু'শোর তালিকায় রয়েছে দেশের তিনটি আইআইটি। এর মধ্যে ১১৮তম স্থান দখল করে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে আইআইটি দিল্লি। তালিকায় এর পরেই রয়েছে আইআইটি বোম্বে। স্থানাঙ্ক ১৩৪। এর পর ১৭০তম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ।

    বিশ্বজুড়ে এই তালিকায় বরাবরের মতো প্রথম স্থানে ধরে রেখেছে আমেরিকার 'ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি'। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

    এবারের র‍্যাঙ্কিং তালিকায় ৫২টি ভারতীয় প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টি সরকারি এবং ১৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। তালিকায় ভারতের ১৩টি আইআইটি রয়েছে। যার মধ্যে ৮টি বিশ্বের শীর্ষ ৫০০-র মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়া ভারতের প্রথম পাঁচটি প্রতিষ্ঠান— আইআইটি দিল্লি, আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়গপুর এবং আইআইএসসি বেঙ্গালুরু বিশ্বের সেরা ২৫০টি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত।

    কিউএস র‍্যাঙ্কিং ২০২৭ তালিকা অনুযায়ী ভারতের সেরা ১০ প্রতিষ্ঠান:

    ১. আইআইটি দিল্লি (১১৮ স্থানে)

    ২. আইআইটি বোম্বে (১৩৪ স্থানে)

    ৩. আইআইটি মাদ্রাজ (১৭০ স্থানে)

    ৪. আইআইটি খড়গপুর (২০৫ স্থানে)

    ৫. আইআইএসসি বেঙ্গালুরু (২২১ স্থানে)

    ৬. আইআইটি কানপুর (২২২ স্থানে)

    ৭. দিল্লি বিশ্ববিদ্যালয় (৩২৩ স্থানে)

    ৮. আইআইটি রূড়কি (৩৩৫ স্থানে)

    ৯. আইআইটি গুয়াহাটি (৩৫০ স্থানে)

    ১০. শুলিনী ইউনিভার্সিটি (৪৫৪ স্থানে)

    তবে গতবারের ১২৩তম স্থান থেকে এবার র‍্যাঙ্ক তালিকায় কিছুটা উপরের দিকে উঠে এসে ১১৮ নম্বরে রয়েছে আইআইটি দিল্লি। এই সাফল্যে প্রতিষ্ঠানের ডিন (প্ল্যানিং) সোমনাথ বৈদ্য রায় সংবাদমাধ্যমকে জানান, তাঁদের মূল লক্ষ্য র‍্যাঙ্কিং নয়, বরং শিক্ষার গুণগত মানের উন্নতি করা।

    এবারের তালিকায় বেশ কিছু ভারতীয় প্রতিষ্ঠান এক লাফে অনেকটা এগিয়েছে। যেমন— ভিআইটি ভেলোর (৬৯১ থেকে ৫৯৯), বিটস পিলানি (৬৬৮ থেকে ৫৭৫) এবং আইআইটি হায়দরাবাদ (৬৬৪ থেকে ৫৮৯)। এছাড়াও চণ্ডীগড় ইউনিভার্সিটি, আইআইটি বিএইচইউ এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার র‍্যাঙ্কেও উন্নতি হয়েছে।

    তবে উল্টো চিত্রও দেখা গিয়েছে কিছু নামী সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। মুম্বই বিশ্ববিদ্যালয় এবং সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং বেশ পিছিয়ে। পিছিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং। যাদবপুরের স্থানাঙ্ক ৭২১ থেকে ৭৩০-এর মধ্যে। অন্য দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্ক ৯০১-৯০৫ এর মধ্যে। যা গত বছরের তুলনায় খারাপ। এছাড়া আইআইটি গুয়াহাটি এবং আন্না ইউনিভার্সিটির র‍্যাঙ্কিংও গত বছরের তুলনায় সামান্য কমেছে।

    উল্লেখ্য, প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে কিউএস। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রের অনুপাত, গবেষণা ক্ষেত্রে অবদান ছাড়াও পড়ুয়াদের কৃতিত্বের সূচকে মাপা হয় সাফল্য।
  • Link to this news (আজকাল)