• কলেজ-বিশ্ববিদ্যালয়ে পালন করতে হবে এই দিবসও! নির্দেশ
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে 'শ্যমাপ্রসাদ মুখার্জি স্মৃতি পক্ষ' পালনের নির্দেশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের। একই নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও। হিন্দুত্ববাদী মনীষী এবং ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন এবং অবদানকে উদযাপন করতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে। সম্প্রতি বিকাশ ভবনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

    নির্দেশিকায় জানানো হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন শিক্ষামূলক এবং আনুষাঙ্গিক কর্মসূচির আয়োজন করা হবে। আগামী ২৩ জুন শ্যামাপ্রসাদের জন্ম এবং ৬ জুলাই মৃত্যুদিবস- দুইই উদযাপন করা হবে। ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচির আয়োজন করা হবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে। প্রতিষ্ঠানগুলিতে আয়োজিত এই অনুষ্ঠানের নামকরণ করা হবে 'ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি পক্ষ'।

    এই সময়ে প্রবন্ধ রচনা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, প্রদর্শনী, লেকচার-এর মতো ন্যূনতম তিন থেকে চারটি কর্মসূচির আয়োজন করতে হবে। উদ্দেশ্য হল পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কাজ, লেখা ও অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সকলেই এই অনুষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, আয়োজিত সমস্ত কর্মসূচির নথিপত্র এবং জিও-ট্যাগযুক্ত ছবি সংরক্ষণ করে রাখতে হবে কলেজগুলিকে। ভবিষ্যতে প্রয়োজনে সেগুলি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে।

    প্রসঙ্গত, এর আগে সমস্ত স্কুল-কলেজে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের সরকারি নির্দেশও দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। নবান্নের দেখানো পথেই এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আগামী ২০ জুন বাধ্যতামূলকভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ওই একটি দিনই নয়, পরবর্তী দুই থেকে চার সপ্তাহের মধ্যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে। মূলত নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পশ্চিমবঙ্গের সৃষ্টি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাঙালি হিন্দুদের নিজস্ব হোমল্যান্ড হিসেবে এই রাজ্যের আত্মপ্রকাশের ইতিহাস তুলে ধরতেই এই সচেতনতামূলক উদ্যোগ।

     
  • Link to this news (আজকাল)