ধর্মতলায় মমতার একুশে জুলাই কর্মসূচি বন্ধ? নোটিশ পাঠানোর নির্দেশ হাইকোর্টের
আজ তক | ১৯ জুন ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই কর্মসূচির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের। জনসাধারণের রাস্তা আটকে একুশে জুলাইয় কর্মসূচি উদযাপনের পালনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়।
সরকারি নির্দেশ অমান্য করে তৃণমূল প্রতি বছর একুশে জুলাই পালন করে। ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে বড় মঞ্চ তৈরি করে অনুষ্ঠান হয়। এই কর্মসূচিকে চ্যালেঞ্জ করে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানি হয়। তাতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতৃত্বকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে।
২০১৫ সালে তৎকালীন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করা হয়েছিল। ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট সেই মামলায় রায় দেয়। সেই রায়ে জনসাধারণের চলাচলের পথ অবরোধ করে কোনও সভা বা মিছিল করা যাবে না বলে জানানো হয়। তা সত্ত্বেও, তৃণমূল কংগ্রেস প্রতি বছর ধর্মতলায় রাস্তা আটকেই একুশে জুলাই কর্মসূচি পালন করে। কার্যত স্তব্ধ হয়ে যায় শহর কলকাতা। রাস্তা থেকে বাস, গাড়ি, অটো তুলে নেওয়া হয়। ধর্মতলার অভিমুখে নিয়ে আসা হয় তৃণমূল সমর্থক-কর্মীদের। শহর কলকাতা কার্যত অঘোষিত ছুটির আকার নেয়।
রাস্তা আটকে একুশে জুলাই করার বিরুদ্ধে অক্ষয় কুমার সারঙ্গি নামে এক ব্যক্তি আদালত অবমাননার মামলা করেছেন। আজকের শুনানিতে বিচারপতির ডিভিশন বেঞ্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির হবে ৩ জুলাই। তারপরই নির্ধারিত হতে পারে তৃণমূলের একুশে জুলাই কর্মসূচি আর ধর্মতলায় অনুষ্ঠিত হবে নাকি বন্ধ হবে।