শিলিগুড়ি পৌরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের, এখন নজর সংগঠনে
দৈনিক স্টেটসম্যান | ১৯ জুন ২০২৬
রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক পুরসভা থেকে সরে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তার ফলে হাতছাড়া হচ্ছে পুরসভাগুলি। কলকাতা, বিধাননগর থেকে শুরু করে একের পর এক পুরসভায় প্রশাসক বসাতে হয়েছে। এই আবহে এবার শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। শুক্রবার পুর কমিশনারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তার ফলে এই পৌরনিগমও তৃণমূলের হাতছাড়া হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। সিতাইয়ে তৃণমূলের টিকিটে সঙ্গীতা বসুনিয়া জিতলেও এখন বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। আবার সাংসদরাও এখন বিদ্রোহী। তাঁরা এনসিপিআই দলে নাম লিখিয়েছেন। ফলে গোটা উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। গৌতম দেবকে এখন তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির (সমতল) চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। সেই পদে তিনি আছেন। সংগঠনকে আবার শক্ত ভিতের উপর দাঁড় করাতে কাজ করবেন গৌতম দেব।
অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন গৌতম দেব সংগঠনে আরও বেশি করে নজর দিন। আর উত্তরবঙ্গে সংগঠন শক্তিশালী করার কাজ করে যান। সেই কাজ গৌতম দেব শুরু করলেও মেয়র পদে ইস্তফা দিয়ে দিলেন। এই ইস্তফা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদদের নিয়ে একদিন আগেই বৈঠক করেছিলেন গৌতম দেব। ওই বৈঠকে তিনি পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন বলে সূত্রের খবর। যদিও সেই খবর তখন বাইরে আসেনি। শুক্রবার সেটাই সামনে চলে এল।
তাছাড়া ২০১১ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন গৌতম দেব। ২০১৬ সালে পর্যটনমন্ত্রীও হয়েছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসন থেকে হেরে যান গৌতম দেব। কিন্তু দল ক্ষমতায় ছিল। ২০২৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েও হেরে যান। তার মাঝে ২০২২ সালে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে তাঁর নেতৃত্বে জয় পায় তৃণমূল কংগ্রেস। এবার ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, ‘মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তাঁরা বিজেপিকে নির্বাচিত করেছেন। সেখানে পদ আঁকড়ে বসে থাকার কোনও মানে হয় না। তাই শিলিগুড়ি পৌরনিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করলাম।’ উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের শুরুর দিনের সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিকও এদিন দলের সমস্ত পদ-সহ দলও ছাড়লেন।