মিলেছে মুখ্যমন্ত্রীর সম্মতি, শীঘ্রই বদলাবে পশ্চিম বর্ধমান জেলার নাম, দাবি বিজেপি বিধায়কের
দৈনিক স্টেটসম্যান | ১৯ জুন ২০২৬
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক স্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এবার পশ্চিম বর্ধমান জেলার নাম বদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। খুব শীঘ্রই এই জেলার নাম পরিবর্তন হবে। জেলার নতুন নাম হবে ‘আসানসোল-দুর্গাপুর’। এমনই দাবি দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বৃহস্পতিবার চন্দ্রশেখর জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জেলার নাম বদলের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সম্মতি মিলতেই বিষয়টি জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। তাঁর দাবি, জেলাশাসকের তরফে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ১৫ দিনের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার নতুন নাম হতে পারে ‘আসানসোল-দুর্গাপুর’।
প্রসঙ্গত, ২০১৭-র ৭ এপ্রিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার অবিভক্ত বর্ধমান জেলাকে ভাগ করে পূর্ব ও পশ্চিম, এই দুই জেলা তৈরি করে। কৃষিপ্রধান এলাকা নিয়ে গঠিত হয় পূর্ব বর্ধমান। অন্যদিকে শিল্পাঞ্চল আসানসোল ও দুর্গাপুরকে কেন্দ্র করে তৈরি হয় পশ্চিম বর্ধমান জেলা। জেলার সদর দপ্তর হয় আসানসোল।
চন্দ্রশেখরের যুক্তি, বর্ধমান নামটি ঐতিহাসিকভাবে কৃষি ও শস্যভাণ্ডারের পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই পূর্ব বর্ধমানের ক্ষেত্রেই সেই নাম বেশি উপযুক্ত। অন্যদিকে পশ্চিমাংশের পরিচয় মূলত শিল্পনগরী আসানসোল ও দুর্গাপুরকে ঘিরে। সেই বাস্তবতাকে মেনে নিয়েই নতুন নামের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দাবি, দুর্গাপুর ইস্পাত কারখানার আধুনিকীকরণে ৩৮ হাজার কোটি টাকা এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন ইউনিটে ৯ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। পাশাপাশি জেলায় একাধিক বেসরকারি শিল্প ও হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আসানসোলেও নতুন শিল্প তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বলে তাঁর দাবি। এই বিনিয়োগের ফলে আগামী দিনে জেলায় কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বাড়বে বলেও আশাবাদী তিনি।
তবে সম্ভাব্য নাম পরিবর্তন ঘিরে সাধারণ মানুষের একাংশের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, জেলার নাম বদল হলে আধার, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের নথি-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কাগজপত্রে সংশোধনের প্রয়োজন হতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করা হয়নি। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, ইংরেজি বর্ণমালায় ‘এ’ দিয়ে শুরু হওয়ায় ‘আসানসোল-দুর্গাপুর’ নামটি প্রশাসনিক তালিকায় জেলার অবস্থানেও বাড়তি সুবিধা এনে দিতে পারে।