বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। পূর্ব সূচি অনুযায়ী এদিন সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয় বিধানসভায়। মোহনবাগান রত্ন টুটু বসুর উদ্দেশেও শ্রদ্ধা জানানো হয় বিধানসভা কক্ষে। শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। স্পিকার শোক প্রস্তাব পাঠ করে বলেন, সংবাদ প্রতিদিন কাগজের প্রতিষ্ঠাতা ও মোহনবাগান ক্লাবের প্রাক্তণ সভাপতি স্বপন সাধন বসুর প্রতি আমাদের শ্রদ্ধা। তাঁর নাম উল্লেখ করে কর্মকাণ্ড ও জীবনী সম্পর্কেও বলেন স্পিকার।
উঠে দাঁড়িয়ে স্পিকার শোকপ্রস্তাব পাঠ করেন এবং প্রয়াতদের অবদানের কথা স্মরণ করেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিধানসভার সকল সদস্য দাঁড়িয়ে নির্দিষ্ট সময়ের জন্য নীরবতা পালন করেন। এদিন বিধানসভায় প্রয়াত মুকুল রায়, আবু হাসেম খান চৌধুরী, সুধাংশু শীল, আশা ভোঁসলে, মঙ্গলকান্ত রায় (লোক সঙ্গীত শিল্পী), সুমন কল্যাণপুর, ড. মণী ছেত্রী, গুরুবক্স সিং দেওয়াল (শুটার), রাজা রণবীর সিং (শুটার), যশপাল রানা (শুটার), রঘু রায় (চিত্র সাংবাদিক), মোহন সিং (ফুটবলার), সাবির খান (তবলা বাদক), জেধিফা পেজ (বাস্কেটবলার), অনিক দত্ত (চিত্র পরিচালক), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (অভিনেতা)-কেও নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নীরবতা পালনের পর সাধারণত এ দিনের মতো অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। কার্য উপদেষ্টা কমিটির নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ জুন সোমবার ঠিক দুপুর ১২টায় ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি বা রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।